Malda: সংখ্যালঘু নির্যাতনের অভিযোগে প্রতিবাদ, মালদহ শহরের হোটেলগুলিতে ঢুকতে পারবেন না বাংলাদেশিরা

জেলা রাজ্য

নিউজ পোল ব্যুরো: বাংলাদেশে (Bangladesh) সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতনের অভিযোগ এবং দীপু দাস খুনের ঘটনার প্রতিবাদে কড়া সিদ্ধান্ত নিল মালদহের হোটেল ব্যবসায়ীরা। ঐক্যবদ্ধভাবে তাঁরা ঘোষণা করেছেন, আপাতত বাংলাদেশের নাগরিকদের জন্য মালদহ (Malda) জেলার কোনও হোটেলেই পরিষেবা দেওয়া হবে না। পাসপোর্ট ও ভিসা বৈধ থাকলেও ওপার বাংলার নাগরিকদের হোটেল কক্ষ বরাদ্দ করা হবে না বলে জানানো হয়েছে।

আরও পড়ুন: US Nigeria: বড়দিনে সন্ত্রাসে আঘাত, নাইজেরিয়ায় আইসিস ঘাঁটি গুঁড়িয়ে দিল আমেরিকা

মালদহ (Malda) জেলা হোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়েছে, এই সিদ্ধান্ত সম্পূর্ণভাবে ব্যবসায়ীদের নিজস্ব পর্যবেক্ষণ ও নিরাপত্তাজনিত আশঙ্কার ভিত্তিতে নেওয়া। সংগঠনের বক্তব্য, সাম্প্রতিক সময়ে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর যে ধরনের হামলা, বাড়িঘর জ্বালিয়ে দেওয়া ও হত্যার ঘটনা ঘটছে, তা তাঁদের গভীরভাবে উদ্বিগ্ন করেছে। এরই প্রতিবাদ হিসেবে এবং নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই কড়া পদক্ষেপ।

জেলা হোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী জানান, “আমাদের উপর কোনও সরকারি নির্দেশ নেই। তবে বর্তমান পরিস্থিতি বিচার করে আমরা মনে করেছি, ব্যবসায়ী ও সাধারণ মানুষের নিরাপত্তাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। পাশাপাশি বাংলাদেশে যে নৃশংসতা চলছে, তার বিরুদ্ধে প্রতিবাদ জানানোও আমাদের কর্তব্য।”

মালদহ (Malda) শহরের স্টেশন রোড এলাকার এক হোটেল মালিক সৌরভভদ্র রায় বলেন, “দীপু দাস খুনের বিচার চাইছি। বাংলাদেশে হিন্দু নিধনের ঘটনায় আমরা ক্ষুব্ধ। সীমান্তের পরিস্থিতি অত্যন্ত অশান্ত। এই অবস্থায় জঙ্গি অনুপ্রবেশের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।” তাঁর আশঙ্কা, জাল পাসপোর্ট বা ভিসা ব্যবহার করে কেউ হোটেলে উঠে বড়সড় নাশকতা ঘটাতে পারে।

ব্যবসায়ীদের দাবি, মহদিপুর স্থলবন্দর দিয়ে প্রতিদিন গড়ে আড়াইশো থেকে তিনশো বাংলাদেশি নাগরিক ভারতে প্রবেশ করেন। তাঁদের বড় অংশই মালদহ শহরের হোটেলে রাত কাটিয়ে দেশের বিভিন্ন প্রান্তে রওনা দেন। যদিও সাম্প্রতিক অশান্তির জেরে এই সংখ্যা কিছুটা কমেছে, তবুও উদ্বেগ পুরোপুরি কাটেনি।

হোটেল মালিকদের আরও বক্তব্য, শুধু নিরাপত্তার প্রশ্নই নয়, বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতনের ঘটনার জেরে এপার বাংলাতেও উত্তেজনা ছড়াতে পারে। তাতে পরিস্থিতি আরও অশান্ত হয়ে উঠার আশঙ্কা রয়েছে। সবদিক বিবেচনা করেই আপাতত এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে বলে জানিয়েছেন মালদহের হোটেল ব্যবসায়ীরা।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole