আজ থেকেই বদলে যাচ্ছে আবহাওয়ার ছবি! উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির পূর্বাভাসে জারি মেগা রেড অ্যালার্ট!

আবহাওয়া

নিউজপোল ব্যুরো:কয়েকদিনের টানা বৃষ্টির পর দক্ষিণবঙ্গে কিছুটা স্বস্তির ইঙ্গিত মিললেও উত্তরবঙ্গের জন্য বাড়ছে নতুন দুশ্চিন্তা। আবহাওয়ার পূর্বাভাস বলছে, মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা কমলেও উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। সেই কারণে ইতিমধ্যেই বিভিন্ন জেলায় হলুদ, কমলা এবং লাল সতর্কতা জারি করা হয়েছে।

আজ থেকেই বদলে যাচ্ছে আবহাওয়ার ছবি!দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূমে বৃষ্টির দাপট কিছুটা কমতে পারে বলে পূর্বাভাস। তবে সপ্তাহের শেষের দিকে আবার আবহাওয়া বদলাতে পারে। বৃহস্পতিবার থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির সম্ভাবনা বাড়বে। শুক্রবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার ও রবিবার দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ঝড়-বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি হতে পারে।

অন্যদিকে উত্তরবঙ্গে পরিস্থিতি অনেক বেশি উদ্বেগজনক। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি-সহ একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার ও বৃহস্পতিবার কয়েকটি জেলায় লাল সতর্কতাও জারি করা হয়েছে। পাহাড়ি এলাকায় ধস, নদীর জলস্তর বৃদ্ধি এবং নিচু এলাকায় জল জমার আশঙ্কা রয়েছে। আবহাওয়া দফতর সাধারণ মানুষকে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। বিশেষ করে পাহাড়ি এলাকায় বসবাসকারী এবং পর্যটকদের সতর্ক থাকার আবেদন করা হয়েছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, উত্তরবঙ্গে এই প্রবল বৃষ্টি কতটা প্রভাব ফেলবে এবং সপ্তাহের শেষে দক্ষিণবঙ্গেও ফের কি ভারী বৃষ্টির দাপট শুরু হবে?