নিউজপোল ব্যুরো: স্লোগান দেওয়াকে কেন্দ্র করে আচমকাই বেঁধে গেল তুমুল উত্তেজনা! সোমবার রাতে CPIM ও BJP কর্মীদের মধ্যে সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল সোনারপুরের রাজপুর-সোনারপুর পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের বারেন্দ্রপাড়া এলাকা। বচসা থেকে মুহূর্তেই পরিস্থিতি হাতাহাতি ও মারামারির
আকার নেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ। ঘটনায় দু’পক্ষেরই কয়েকজন কর্মী আহত হয়েছেন বলে জানা গিয়েছে।
স্থানীয় সূত্রে খবর, বারেন্দ্রপাড়ায় CPIM-এর পার্টি অফিসের কাছেই একটি দুর্গাপুজোর আয়োজন করা হয়েছে। পুজো মণ্ডপের সামনে CPIM-এর তরফে বইয়ের স্টল বসানো হয়। CPIM-এর অভিযোগ, সেই স্টল তৈরি করতে স্থানীয় BJP নেতারা বাধা দেন। তা নিয়েই প্রথমে বচসা এবং পরে উত্তেজনা ছড়ায়।
BJP কর্মীদের অভিযোগ, CPIM-এর পক্ষ থেকে ‘দেশবিরোধী’ স্লোগান দেওয়া হচ্ছিল। প্রতিবাদ করতেই তাঁদের উপর হামলা চালানো হয়। BJP-র ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে দেওয়ারও অভিযোগ উঠেছে। তাঁদের আরও দাবি, কয়েকজন প্রাক্তন তৃণমূল কর্মীও হামলায় যুক্ত ছিলেন।
অন্যদিকে, BJP-র সমস্ত অভিযোগ অস্বীকার করেছে CPIM। তাদের দাবি, কোনও দেশবিরোধী স্লোগান দেওয়া হয়নি, দলীয় স্লোগানই দেওয়া হয়েছিল। CPIM-এর অভিযোগ, BJP-র কয়েকজন কর্মী তাঁদের পার্টি অফিস দখল করতে এসেছিলেন। বাধা দেওয়াকে কেন্দ্র করেই স্লোগান-পাল্টা স্লোগান শুরু হয় এবং পরে সংঘর্ষ বাধে।
ঘটনার পর দু’পক্ষই থানায় পরস্পরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।
