নন্দীগ্রামে ভোটের শুরুতেই অশান্তির অভিযোগ, বিক্ষোভের মুখে কংগ্রেস প্রার্থী মিলন প্রধান

breakingnews রাজনীতি রাজ্য

নিউজপোল ব্যুরো: ভোটগ্রহণ শুরু হওয়ার পর থেকেই একের পর এক অভিযোগে উত্তপ্ত হয়ে উঠল নন্দীগ্রাম। কংগ্রেস প্রার্থী মিলন প্রধান সকালেই স্ত্রী অর্পিতা প্রধানকে সঙ্গে নিয়ে কেন্দেমারির একটি বুথে ভোট দেন। এরপর বাড়ি না ফিরে একের পর এক বুথে ঘুরে ভোট পরিস্থিতি খতিয়ে দেখতে শুরু করেন তিনি। সোনাচূড়ার জলপাই এলাকায় পৌঁছতেই তাঁকে ঘিরে বিক্ষোভের অভিযোগ ওঠে। কংগ্রেসের দাবি, স্থানীয় কয়েক জন ভোটার তাঁকে ঘিরে ধরে প্রতিবাদ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে শেষ পর্যন্ত কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের হস্তক্ষেপ করতে হয়।

এরপর নন্দীগ্রামের একাধিক বুথ নিয়ে অভিযোগ সামনে আনে কংগ্রেস। দলের দাবি, নন্দীগ্রাম ১ নম্বর ব্লক কংগ্রেস সভাপতি শেখ আসরাফুল তুল্লাকে পুলিশ আটক করেছে। পাশাপাশি শ্যামসুন্দরী চক ও কেন্দ্রেমারি এলাকার কয়েকটি বুথে ভোটারদের বাধা দেওয়ার অভিযোগও তুলেছে তারা। ২৮২ নম্বর বুথেও একই ধরনের অভিযোগ সামনে এসেছে।

অন্যদিকে, কেন্দেমারির ২২৪ নম্বর বুথে ইভিএম বিভ্রাটের অভিযোগ এবং ২১২ নম্বর বুথে বাম এজেন্টকে মারধরের অভিযোগ উঠেছে। ভীমকাটা বুথে ভোটারদের ভয় দেখানোর অভিযোগও করেছে বামেরা। সব মিলিয়ে অভিযোগ-পাল্টা অভিযোগে ভোটের দিন সকাল থেকেই উত্তপ্ত নন্দীগ্রাম। প্রশাসনের তরফে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চলছে।