মা ফ্লাইওভারে ভয়াবহ দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে ৬ গাড়িতে ধাক্কা! জখম SI-সহ ৩

breakingnews জেলা

নিউজপোল ব্যুরো: কলকাতার মা ফ্লাইওভারে ফের ভয়াবহ দুর্ঘটনা। সোমবার সন্ধ্যায় প্রায় সাড়ে ৭টা নাগাদ নিয়ন্ত্রণ হারানো একটি গাড়ি পর পর ছ’টি গাড়িতে ধাক্কা মারে বলে অভিযোগ। ঘটনায় পঞ্চসায়র থানার সাব ইনস্পেক্টর রত্নাংশু মণ্ডল-সহ তিন জন আহত হয়েছেন। আহতদের বাইপাসের ধারের একটি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

পুলিশ সূত্রে খবর, একটি ঘটনার তদন্ত শেষ করে থানায় ফিরছিলেন SI রত্নাংশু মণ্ডল। সেই সময় পার্ক সার্কাসের দিক থেকে রুবির দিকে যাওয়া একটি গাড়ি আচমকা চিংড়িহাটার দিকে বাঁক নেয়। এরপরই নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে পর পর তিনটি বাইকে ধাক্কা দেয় গাড়িটি। তারপরও থামেনি। আরও তিনটি গাড়িতে ধাক্কা মেরে শেষ পর্যন্ত সেটি দাঁড়ায়।

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় প্রগতি ময়দান থানার পুলিশ। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনার জেরে কিছু সময়ের জন্য ফ্লাইওভারে যানজটও তৈরি হয়।

ঘটনার পর থেকেই অভিযুক্ত চালক পলাতক। তাঁর খোঁজে তল্লাশি চলছে। চালক মদ্যপ ছিলেন কি না, নাকি গাড়ির নিয়ন্ত্রণ হারিয়েছিলেন, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পাশাপাশি সিসিটিভি ফুটেজও সংগ্রহ করা হচ্ছে।