নিউজপোল ব্যুরো:উত্তর ২৪ পরগনার হাড়োয়া থানা এলাকায় ঝাড়ফুঁকের নামে ১৫ বছরের এক নাবালিকার সঙ্গে গুরুতর আচরণের অভিযোগ উঠেছে এক ওঝার বিরুদ্ধে। পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করেছে হাড়োয়া থানার পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অসুস্থ মেয়েকে চিকিৎসার জন্য ওই আয়ুর্বেদিক চিকিৎসক তথা ওঝার কাছে নিয়ে গিয়েছিলেন তার মা। অভিযোগ, চিকিৎসার নামে নাবালিকাকে ঘরের ভিতরে নিয়ে যাওয়া হয়। সেখানেই তার সঙ্গে আপত্তিকর আচরণ করা হয়েছে বলে অভিযোগ। বাড়ি ফিরে মায়ের কাছে পুরো ঘটনা জানায় নাবালিকা। এরপরই হাড়োয়া থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন তার মা।
অভিযোগ পাওয়ার পর দ্রুত তদন্তে নামে পুলিশ। পকসো আইন (POCOS)এবং ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। এরপর অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করা হয়।
ধৃতকে সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়েছে। অভিযোগের সম্পূর্ণ সত্যতা যাচাই করতে তদন্ত চালাচ্ছে পুলিশ। পাশাপাশি ঘটনার সঙ্গে অন্য কেউ যুক্ত রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।
