নিউজপোল ব্যুরো: রাত পোহালেই নন্দীগ্রামে উপনির্বাচন। তার আগে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা বিধানসভা কেন্দ্র। ভোটাররা যাতে নির্বিঘ্নে বুথে গিয়ে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেন, তা নিশ্চিত করতে শেষ মুহূর্তে তৎপর প্রশাসন। প্রতিটি বুথে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান মোতায়েন রাখার পাশাপাশি নজরদারি বাড়ানো হয়েছে স্পর্শকাতর এলাকাগুলিতেও।
নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে মোট ভোটার ২ লক্ষ ৬৬ হাজার ৪১৯ জন। ৩২৩টি পোলিং স্টেশনে হবে ভোটগ্রহণ। এর মধ্যে ৭৯টি বুথকে অতিস্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়েছে। নিরাপত্তার দায়িত্বে থাকছে ৩৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এবং প্রায় ৭০০ জন রাজ্য পুলিশ।
ভোটের আগে কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে তৈরি করা হয়েছে তিনটি নাকা চেকিং পয়েন্ট। বহিরাগতদের গতিবিধির উপরও থাকছে কড়া নজর। পাশাপাশি নজরদারির জন্য রয়েছে পাঁচটি স্ট্যাটিক সার্ভিল্যান্স ইউনিট। নির্বাচনী বিধি লঙ্ঘনের ঘটনায় এখনও পর্যন্ত প্রায় ৯৭ লক্ষ টাকা নগদ বাজেয়াপ্ত করা হয়েছে বলে প্রশাসনিক সূত্রে খবর।
ইতিমধ্যেই নন্দীগ্রামের বিভিন্ন এলাকায় শুরু হয়েছে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ। অন্যদিকে, রেয়াপাড়া আইটিআই কলেজ থেকে ইভিএম ও ভোটগ্রহণের সামগ্রী নিয়ে নির্দিষ্ট বুথের উদ্দেশ্যে রওনা দিয়েছেন ভোটকর্মীরা।
