নিউজপোল ব্যুরো: গত বছরের ডিসেম্বরে মেসির যুবভারতী ইভেন্টকে কেন্দ্র করে নজিরবিহীন বিশৃঙ্খলা ও অব্যবস্থা তৈরি হয়েছিল। এবার সেই সমস্ত দর্শকদের জন্য বিশেষ সুযোগ। ৬ অক্টোবর যুবভারতী ক্রীড়াঙ্গনে ভারত-উরুগুয়ে ফিফা ফ্রেন্ডলি ম্যাচে বিনামূল্যে প্রবেশের সুযোগ পাবেন গত ১৩ ডিসেম্বর কলকাতায় আয়োজিত লিওনেল মেসির ‘GOAT’ সফরের টিকিট কেনা দর্শকরা। মোট ২২ হাজার কমপ্লিমেন্টারি পাস দেওয়ার ঘোষণা করা হয়েছে।
তবে এই পাস পেতে নির্দিষ্ট নিয়ম মানতে হবে। ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ জানিয়েছেন, ৫ অক্টোবর সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নির্ধারিত কেন্দ্রগুলিতে পাস সংগ্রহ করা যাবে। পাস নিতে যাওয়ার সময় সঙ্গে রাখতে হবে বৈধ সরকারি ফটো পরিচয়পত্র। আধার কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্ট—এর মধ্যে যে কোনও একটি পরিচয়পত্র গ্রহণযোগ্য।
আরও দেখুন:-পুজোর আগেই ডেঙ্গির বাড়বাড়ন্ত, রাজ্যে আক্রান্ত সাড়ে ৮ হাজার
এর পাশাপাশি সঙ্গে রাখতে হবে গত বছরের মেসি অনুষ্ঠানের আসল টিকিট। অর্থাৎ শুধু পরিচয়পত্র দেখালেই ফ্রি পাস পাওয়া যাবে না, মেসি-আয়োজনের টিকিটও দেখাতে হবে।
মোহিত মৈত্র মঞ্চ, মিলন মঞ্জরী কমিউনিটি হল, অভয়ান, উদযাপন ও শুভনন্দন কমিউনিটি হল থেকে পাস নেওয়া যাবে। এছাড়াও যুবভারতীর ২ ও ৩এ নম্বর গেট, বিধাননগর পুরসভা স্পোর্টস কমপ্লেক্স এবং রাজারহাট-গোপালপুর সুইমিং পুলেও পাস সংগ্রহের ব্যবস্থা থাকছে।
