নিউজপোল ব্যুরো:পুজোর আগে রাজ্যে ডেঙ্গি পরিস্থিতি নিয়ে নতুন করে নজর বাড়াচ্ছে স্বাস্থ্য দফতর। পরিসংখ্যান অনুযায়ী, শনিবার পর্যন্ত পশ্চিমবঙ্গে ডেঙ্গিতে আক্রান্তের সংখ্যা প্রায় সাড়ে ৮ হাজার। বর্ষার প্রভাব এখনও পুরোপুরি কাটেনি, ফলে আগামী দিনে সংক্রমণের গতিপ্রকৃতির দিকে নজর রাখা হচ্ছে।
চিকিৎসকদের নজরে রয়েছে ডেঙ্গির সেরোটাইপ ২ ও সেরোটাইপ ৩। চলতি মরশুমের শুরু থেকেই এই দুই ধরনের ভাইরাসের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। বিশেষজ্ঞদের মতে, সেরোটাইপ ২-এর ক্ষেত্রে কিছু রোগীর শারীরিক জটিলতা তৈরি হওয়ার সম্ভাবনা তুলনামূলক বেশি। তাই জ্বর বা ডেঙ্গির উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার উপর জোর দেওয়া হচ্ছে।
আক্রান্তের সংখ্যার নিরিখে মুর্শিদাবাদ রয়েছে প্রথম স্থানে। এরপর কলকাতা, নদিয়া ও দক্ষিণ ২৪ পরগনা। নদিয়াতেও গত বছরের তুলনায় আক্রান্ত বেড়েছে। তেহট্ট-১ ব্লকে সংক্রমণের সংখ্যা তুলনামূলক বেশি বলে জানা গিয়েছে।
তবে ডেঙ্গি মোকাবিলায় ‘কিউ ডেঙ্গা’ প্রতিষেধকের পরীক্ষা চলছে। পরীক্ষার ফল ইতিবাচক হলে আগামী বছর ভারতে এই টিকা বাজারে আসার সম্ভাবনা রয়েছে।
