নিউজপোল ব্যুরো:কোয়েল মল্লিককে বিজেপির রাজ্যসভা প্রার্থী করা নিয়ে ফের সরব হলেন বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ। কোয়েলের রাজনৈতিক অবস্থান বদলকে কেন্দ্র করে এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে প্রশ্ন ছুড়ে দিয়েছেন তিনি। একইসঙ্গে অভিনেত্রী এবং তাঁর বাবা অভিনেতা রঞ্জিত মল্লিককেও কটাক্ষ করেছেন কুণাল।
তৃণমূলের আমলে একাধিক তারকা রাজনীতিতে যোগ দিয়েছিলেন। কেউ ভোটে প্রার্থী হয়েছেন, কেউ আবার দলের হয়ে প্রচারে অংশ নিয়েছেন। রঞ্জিত মল্লিককেও তৃণমূলের বিভিন্ন কর্মসূচিতে দেখা গিয়েছিল। এমনকী, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করতেও দেখা যায় তাঁকে। পরবর্তীতে কোয়েল মল্লিককে তৃণমূল রাজ্যসভার প্রার্থী করায় রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছিল।
তবে রাজনৈতিক পালাবদলের পর পরিস্থিতি বদলে যায়। তৃণমূলের সঙ্গে দূরত্ব তৈরি হয় কোয়েলের। সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়ার পর এবার বিজেপির রাজ্যসভা প্রার্থী হয়েছেন তিনি। আর সেই বিষয়টিকেই হাতিয়ার করে কুণালের আক্রমণ।
কুণাল ঘোষের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ই কোয়েলকে রাজনীতিতে এনেছিলেন। কুণালের কটাক্ষ, মমতা মুখ্যমন্ত্রী থাকাকালীন তৃণমূলের সাংসদ হওয়া ভালো লাগলেও সরকার বদলের পর কেন বিজেপিতে যেতে হল?এই প্রসঙ্গেই মমতাকে নিশানা করে তাঁর প্রশ্ন, “দিদিমণি এই সমস্ত জিনিসপত্রকে নিয়েছিলেন কেন?” পাশাপাশি কোয়েল মল্লিক ও রঞ্জিত মল্লিক তাঁদের ব্যক্তিগত মর্যাদা ও ভাবমূর্তির প্রতি সঠিক সম্মান দেখাননি বলেও মন্তব্য করেন।
