ভরদুপুরেই কালো আকাশ, ঝেঁপে বৃষ্টি কলকাতায়! পুজোর আগে ফের বড় আশঙ্কা

আবহাওয়া

নিউজপোল ব্যুরো:ভরদুপুরেই আচমকা কালো মেঘে ঢেকে গেল কলকাতার আকাশ। এরপরই শুরু হল ঝেঁপে বৃষ্টি। কলকাতা ও শহরতলির বিভিন্ন এলাকায় বজ্রগর্ভ মেঘের সঞ্চারের জেরে তুমুল বৃষ্টির পাশাপাশি ঘনঘন বজ্রপাতও হচ্ছে। ইতিমধ্যেই শহরের বেশ কিছু জায়গায় জল জমার খবর পাওয়া গিয়েছে।

বর্ষার শেষবেলায় নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে এই বৃষ্টি হচ্ছে। ওড়িশা থেকে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে ওই অক্ষরেখা। তার জেরেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে। সল্টলেক, নিউটাউন এবং পূর্ব কলকাতার আকাশে রয়েছে বজ্রগর্ভ মেঘ। ফলে ওই এলাকাগুলিতে তুমুল বৃষ্টির সঙ্গে ঘনঘন বজ্রপাত হচ্ছে।

এদিকে আজ রবিবার। সামনে দুর্গাপুজো থাকায় শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত সাধারণ মানুষ। তার মধ্যেই আচমকা বৃষ্টি কিছুটা সমস্যা তৈরি করেছে। বর্তমানে উত্তর ২৪ পরগনায় কমলা সতর্কতা এবং কলকাতায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। পাশাপাশি পুজোর মুখে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনাও রয়েছে। নিম্নচাপটি কোন দিকে এগোবে, তা এখনও স্পষ্ট নয়। তবে বাংলার দিকে এগিয়ে এলে পুজোর দিনগুলিতে আবহাওয়ার উপর তার প্রভাব পড়তে পারে।