নিউজপোল ব্যুরো: চার দশকের প্রশাসনিক জীবনের পর এবার সক্রিয় রাজনীতিতে পা রাখলেন CBI-এর প্রাক্তন ডিরেক্টর এম নাগেশ্বর রাও। শনিবার বারাণসীতে আনুষ্ঠানিকভাবে সর্বজন সনাতন পার্টির সর্বভারতীয় সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। জীবনের নতুন অধ্যায়ের সূচনার জন্য কাশীকেই বেছে নিয়েছেন বলে জানান নাগেশ্বর।
ANI-কে দেওয়া সাক্ষাৎকারে প্রাক্তন CBI প্রধান বলেন, দীর্ঘদিন প্রশাসনিক দায়িত্ব পালনের অভিজ্ঞতা তাঁকে রাজনীতিতে আসতে উৎসাহিত করেছে। তাঁর মতে, দেশ গঠনের কাজে প্রশাসনিক অভিজ্ঞতার পাশাপাশি রাজনৈতিক ভূমিকারও প্রয়োজন রয়েছে। একইসঙ্গে সনাতনকে শুধুমাত্র ধর্মীয় আচার হিসেবে না দেখে জীবনযাপনের একটি দৃষ্টিভঙ্গি হিসেবে ব্যাখ্যা করেন তিনি।
আরও দেখুন:-মেট্রোপলিটন মোড়ে মাঝরাস্তায় জ্বলল সেডান, আগুন লাগতেই উধাও গাড়ির মালিক!
নাগেশ্বর জানান, তাঁদের দলের মূল ভাবনা চারটি ক্ষেত্রকে কেন্দ্র করে—শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান এবং ভারতীয় সভ্যতা ও সংস্কৃতির সঙ্গে সংযোগ। প্রযুক্তি ও অর্থনীতির আধুনিকীকরণের পাশাপাশি দেশের সাংস্কৃতিক পরিচয়কে গুরুত্ব দেওয়ার কথাও জানান তিনি। তাঁর দাবি, তাঁদের রাজনীতি কোনও জাতি বা সম্প্রদায়ের বিরুদ্ধে নয়।
প্রসঙ্গত, ২০১৮ সালের অক্টোবর থেকে ২০১৯ সালের জানুয়ারি পর্যন্ত CBI-এর অন্তর্বর্তী ডিরেক্টরের দায়িত্বে ছিলেন এম নাগেশ্বর রাও। তাঁর কার্যকালের একাধিক সিদ্ধান্ত ও ভূমিকা নিয়ে সে সময় বিতর্ক তৈরি হয়েছিল। এবার সেই প্রশাসনিক পর্ব পেরিয়ে সরাসরি রাজনীতির ময়দানে নামলেন তিনি।
