মা ফ্লাইওভারে যানজট রুখতে বড় উদ্যোগ, এবার ডিজিটাল বোর্ডে চোখ রাখলে আগেই জানতে পারবেন ‘ROAD CLEAR’ না ‘ROAD CLOSED’

breakingnews কলকাতা প্রযুক্তি

নিউজপোল ব্যুরো: মা ফ্লাইওভারে উঠবেন, নাকি অন্য রাস্তা ধরবেন? এবার সেই সিদ্ধান্ত অনেকটাই সহজ করে দিতে চলেছে কলকাতা ট্র্যাফিক পুলিশ। ফ্লাইওভারে ওঠার মুখেই চালকদের জন্য বসানো হচ্ছে ডিজিটাল সাইনেজ ডিসপ্লে বোর্ড। সেখানে দেখা যাবে ‘রোড ক্লোজ়ড অ্যাহেড’ অথবা ‘রোড ক্লিয়ার’-এর মতো বার্তা। ফলে ফ্লাইওভারের সামনে পৌঁছনোর আগেই চালকরা বুঝে নিতে পারবেন, উপরে যান চলাচল স্বাভাবিক রয়েছে কি না।

মা ফ্লাইওভারে গাড়ি খারাপ হওয়া বা দুর্ঘটনার কারণে আচমকা যানজট তৈরি হওয়া নতুন ঘটনা নয়। অনেক সময় সেই খবর না জেনেই চালকরা ফ্লাইওভারে উঠে পড়েন। তারপর মাঝপথে আটকে গিয়ে তৈরি হয় দীর্ঘ যানজট এবং ভোগান্তি। এবার সেই সমস্যা কমাতেই আগাম তথ্য দেওয়ার ব্যবস্থা করছে ট্র্যাফিক পুলিশ।

সোমবার থেকে ফ্লাইওভারে ওঠার বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় এই ডিজিটাল বোর্ড বসানোর কাজ শুরু হচ্ছে। জেডব্লিউ ম্যারিয়ট, সায়েন্স সিটি, ইএম বাইপাস, দরগা রোড এবং শামসুল হুদা রোড-সহ একাধিক জায়গায় এই ডিসপ্লে দেখা যাবে। অর্থাৎ ফ্লাইওভারে ওঠার আগেই রাস্তার পরিস্থিতি সম্পর্কে চালকদের সতর্ক করে দেওয়া সম্ভব হবে।শুধু ডিজিটাল বোর্ডেই থামছে না উদ্যোগ। যানজট তৈরি হলে দ্রুত গাড়ি ঘুরিয়ে দেওয়ার জন্য মা ফ্লাইওভারে মিডিয়ান কাটআউটের সংখ্যাও বাড়ানো হচ্ছে। এতদিন এখানে তিনটি কাটআউট ছিল। এবার আরও তিনটি নতুন কাটআউট যোগ করা হচ্ছে। এর ফলে কোনও নির্দিষ্ট অংশে দুর্ঘটনা বা গাড়ি বিকল হয়ে রাস্তা আটকে গেলে সেই জায়গাটি এড়িয়ে পাশের অংশ দিয়ে গাড়ি ঘুরিয়ে দেওয়ার সুযোগ থাকবে।

এর পাশাপাশি আগামী দিনে আরও আধুনিক নজরদারির পরিকল্পনাও রয়েছে। ‘অটোমেটিক নাম্বার প্লেট রেকগনিশন’ বা ANPR ক্যামেরার মাধ্যমে গাড়ির নম্বর স্ক্যান করে তার ফিটনেস এবং PUC সংক্রান্ত তথ্য শনাক্ত করার ব্যবস্থা করা হতে পারে। নম্বর প্লেট স্ক্যান হলেই সংশ্লিষ্ট তথ্য কন্ট্রোল রুমে পৌঁছে যাবে।