নিউজপোল ব্যুরো:ফ্লাইদুবাইয়ের বিমানে ভারতীয় পাইলট স্মিত মচ্ছরের উপর হামলার ঘটনার দু’দিন পরেও অভিযুক্ত ওমানি সহ-পাইলটকে ঘিরে রহস্য কাটেনি। বিমানের ককপিটে ভারতীয় পাইলটের উপর হামলার পর পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। শেষ পর্যন্ত বিপদের মধ্যে বিমানটিকে সৌদি আরবের উত্তর-পশ্চিমাঞ্চলের তাবুক বিমানবন্দরে অবতরণ করানো হয়।
বিমানটি তাবুকে নামার পর সৌদি পুলিশ অভিযুক্ত সহ-পাইলটকে গ্রেফতার করে। পরে তাঁকে সংযুক্ত আরব আমিরশাহির তদন্তকারীদের হাতে তুলে দেওয়া হয়। তবে এখনও পর্যন্ত তাঁর নাম বা বিস্তারিত পরিচয় প্রকাশ করেনি আমিরশাহি কর্তৃপক্ষ। ফলে হামলার নেপথ্যে ঠিক কী ছিল, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।
বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, অভিযুক্ত ওমানি নাগরিক গত প্রায় ন’মাস ধরে ফ্লাইদুবাইয়ে কর্মরত ছিলেন। তাঁর অন্য কোনও দেশের নাগরিকত্ব নেই বলেও জানা গিয়েছে।
এর মধ্যেই ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দাবি করেছেন, অভিযুক্ত উগ্র ইসলামপন্থী মতাদর্শে প্রভাবিত ছিলেন। ইজরায়েলের বিদেশমন্ত্রী গিডিয়ন সারও ঘটনাটিকে ‘জিহাদি সন্ত্রাসবাদী হামলা’ বলে অভিহিত করেছেন। তবে তাঁর এই দাবির পক্ষে এখনও কোনও চূড়ান্ত প্রমাণ প্রকাশ্যে আসেনি।
