নিউজপোল ব্যুরো: কলকাতার ঢাকুরিয়ার লেক ভিউ স্কুলে কার্ল মার্কস ও মাও সে তুংয়ের ছবি ঘিরে তৈরি হল বিতর্ক। স্কুলের টিচার্স রুমে থাকা ওই ছবিগুলি সরিয়ে দিয়েছে কর্তৃপক্ষ। অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসঙ্ঘের প্রতিনিধিরা স্কুলে গিয়ে ছবিগুলি নিয়ে আপত্তি জানানোর পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। সংগঠনটির বক্তব্য, শিক্ষা প্রতিষ্ঠানে বিদেশি রাজনৈতিক ব্যক্তিত্বের ছবি রাখার বদলে দেশের বিশিষ্ট ব্যক্তিত্বদের ছবি থাকা উচিত।
এদিন সংগঠনের প্রতিনিধিরা স্কুলে গিয়ে শিক্ষক-ইনচার্জের সঙ্গে কথা বলেন। তাঁদের অভিযোগ, স্কুলের বিভিন্ন জায়গায় মাও সে তুং, কার্ল মার্কস, চে গুয়েভারা এবং স্ট্যালিনের মতো ব্যক্তিত্বের ছবি রয়েছে। অথচ তাঁদের দাবি, ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম, বর্তমান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, নেতাজি সুভাষচন্দ্র বসু বা বি আর আম্বেদকরের ছবি সেখানে দেখা যায়নি। এই বিষয়টিকেই তাঁরা ‘বেমানান’ বলে প্রশ্ন তোলেন। সংগঠনের কলকাতা শাখার সভাপতি প্রদীপ পাল দাবি করেন, দীর্ঘদিন ধরে স্কুলে এই ধরনের ছবি রয়েছে। তাঁর অভিযোগ, প্রায় ২০ বছর ধরে ছবিগুলি স্কুলের পরিবেশে রয়েছে। তাঁর বক্তব্য, শিক্ষা প্রতিষ্ঠানে রাজনৈতিক ব্যক্তিত্বদের ছবি কেন রাখা হয়েছে এবং এর মাধ্যমে পড়ুয়াদের মধ্যে কী ধরনের রাষ্ট্রচিন্তা তৈরি হচ্ছে, সেটাই তাঁদের প্রশ্ন।
তবে স্কুল কর্তৃপক্ষের বক্তব্যে অন্য ছবি উঠে এসেছে। লেক ভিউ হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল সুদীপ্ত দে জানান, তিনি মে মাসের শেষদিকে দায়িত্ব নিয়েছেন। তাঁর দাবি, বহু বছর ধরেই ছবিগুলি সেখানে ছিল এবং এর আগে কেউ আপত্তি জানাননি। সংগঠনের প্রতিনিধিরা বিষয়টি সামনে আনার পর তিনি ছবিগুলি সরানোর সিদ্ধান্ত নেন।
স্কুলের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল জানিয়েছেন, আগামী সাত দিনের মধ্যে আপত্তি ওঠা ছবিগুলি সরিয়ে দেওয়া হবে। পাশাপাশি প্রয়োজনীয় ভারতীয় বিশিষ্ট ব্যক্তিদের ছবি স্কুলে রাখা হবে বলেও জানান তিনি। বিশেষ করে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ছবি টাঙানোর কথা জানিয়েছেন স্কুল কর্তৃপক্ষ।
