হাওড়া স্টেশনে আরপিএফের তল্লাশি, যাত্রীর ব্যাগ থেকে উদ্ধার ৪৪ লক্ষ টাকা

রাজ্য

নিউজপোল ব্যুরো: হাওড়া স্টেশনে আরপিএফের তল্লাশিতে এক যাত্রীর ব্যাগ থেকে মিলল নগদ ৪৪ লক্ষ টাকা। এই টাকা কোথা থেকে আসলো তাঁর প্রয়োজনীয় নথি দেখাতে না পারায় ওই যাত্রীকে আটক করে আয়কর দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার হাওড়া স্টেশনের ১৭ নম্বর প্ল্যাটফর্মে। আরপিএফ সূত্রে জানা গিয়েছে, আটক যাত্রীর নাম রোহিত সিং। তিনি মধ্যপ্রদেশের বিদিশা থেকে ডাউন শিপ্রা এক্সপ্রেসে চেপে হাওড়ায় এসেছিলেন। ট্রেনটি হাওড়া স্টেশনে পৌঁছনোর পর প্ল্যাটফর্মে কর্তব্যরত আরপিএফ গোয়েন্দাদের তাঁর গতিবিধি সন্দেহজনক বলে মনে হয়।

আরও দেখুন:-রাজ্যের কোনও স্কুলে বন্ধ নয় মিড-ডে মিল, কড়া বার্তা শিক্ষামন্ত্রী দীপক বর্মণের

এরপর ওই যাত্রীর ব্যাগে তল্লাশি চালানো হয়। ব্যাগ খুলতেই উদ্ধার হয় ৪৪ লক্ষ টাকা। ওই টাকার কোনও বৈধ নথি দেখাতে পারেননি তিনি। জিজ্ঞাসাবাদে জানান, কলকাতায় সোনা কেনার উদ্দেশ্যেই ওই টাকা নিয়ে আসা হচ্ছিল। ঘটনার পরই আয়কর দফতরে খবর দেওয়া হয়। আধিকারিকরা হাওড়া স্টেশনে পৌঁছে নগদ টাকা ও ওই যাত্রীকে নিয়ে যান। টাকার উৎস এবং এর বৈধতা খতিয়ে দেখতে শুরু হয়েছে জিজ্ঞাসাবাদ।

উল্লেখ্য, গত কয়েকদিনে হাওড়া স্টেশনে একাধিকবার বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধারের ঘটনা ঘটেছে। সেপ্টেম্বরের শেষ দিকে এক যাত্রীর কাছ থেকে প্রায় ৬৭ লক্ষ টাকা এবং কয়েকদিন আগে বন্দে ভারত এক্সপ্রেস থেকে নামা এক ব্যক্তির কাছ থেকে ২১ লক্ষ টাকা ও সোনা উদ্ধার করা হয়েছিল। পরপর এই ঘটনায় স্টেশনে নজরদারি আরও বাড়ানো হয়েছে।