নিউজপোল ব্যুরো:রাজ্যের কোনও স্কুলে যাতে মিড-ডে মিল বন্ধ না হয়, তা নিশ্চিত করতে কড়া বার্তা দিলেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মণ। চলতি শিক্ষাবর্ষে রাজ্যের একাধিক স্কুলে মিড-ডে মিলের টাকা না আসা, রান্নার খরচ এবং রাঁধুনিদের বকেয়া নিয়ে অভিযোগ সামনে এসেছে। গড়িয়ার বোড়াল সমিতি বিদ্যাপীঠে টাকার অভাবে টানা তিন দিন মিড-ডে মিল বন্ধ থাকার অভিযোগ ঘিরেও তৈরি হয়েছিল বিতর্ক। একই ধরনের অভিযোগ উঠেছিল দমদমের একটি স্কুলেও।
এরপরই বিষয়টি নিয়ে তৎপর হয় প্রশাসন। শিক্ষামন্ত্রী জানিয়েছেন, মিড-ডে মিল প্রকল্পকে গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় অর্থ ইতিমধ্যেই বরাদ্দ করা হয়েছে। তাঁর দাবি, রাঁধুনিদের জন্য নভেম্বর পর্যন্ত ৪২৪ কোটি টাকা এবং রান্নার খরচ বাবদ ৫৭৩ কোটি টাকা দেওয়া হয়েছে। অর্থাৎ, সব মিলিয়ে স্কুল শিক্ষা দফতরের তরফে ৯৯৭ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
মন্ত্রী আরও জানিয়েছেন, পুজোর আগেই রাঁধুনিদের বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি মিড-ডে মিল পোর্টালে প্রযুক্তিগত সমস্যার কারণে কোথাও টাকা পৌঁছাতে দেরি হয়ে থাকলে তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে পোর্টালের সমস্যা থাকলেও কোনও স্কুলে মিড-ডে মিল বন্ধ রাখা যাবে না বলেই স্পষ্ট বার্তা দিয়েছে সরকার।
