মহালয়ার ট্রায়াল, বড়দিনে পরিষেবা, চিংড়িঘাটার জটকাটিয়ে সেক্টর ফাইভ এর পথে অরেঞ্জ লাইন

কলকাতা রাজ্য

নিউজপোল ব্যুরো: দক্ষিণ কলকাতা ও শহরতলির যাত্রীদের জন্য বড়সড় সুখবর। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে এবার বেলেঘাটা পেরিয়ে সেক্টর ফাইভ পর্যন্ত ছুটতে চলেছে অরেঞ্জ লাইন মেট্রো। দেবীপক্ষের সূচনাকে সামনে রেখে এই পথে ট্রায়াল রান শুরু করার প্রস্তুতি চলছে। রেল বিকাশ নিগম লিমিটেড আধিকারিকদের সূত্রে খবর ট্রায়াল চলাকালিন সফটওয়্যার অ্যালাইনমেন্ট ,সিঙ্ক্রোনাইজেশন সহ একাধিক গুরুত্বপূর্ণ পরীক্ষা করা হবে ।বড়দিনের সময় এই পথে যাত্রী পরিষেবা চালু করার দিকে এগোচ্ছে RVNL।

প্রায় এক মাস বা তারও বেশি সময় ধরে ট্রায়াল রান চলতে পারে। ইতিমধ্যেই চিংড়িঘাটা ও সুকান্তনগরের মধ্যে ৩৬৬ মিটারের অসম্পূর্ণ অংশের কাজ শেষ হয়েছে। গার্ডার, ভায়াডাক্ট এবং রেলপথ বসানোর কাজও সম্পন্ন হয়েছে। গত ১৭ সেপ্টেম্বর বেলেঘাটা থেকে আইটি সেন্টার পর্যন্ত অংশে পুশ-ট্রলি পরিদর্শনও সফল হয়েছে।

আরও দেখুন:-ধেয়ে আসছে বঙ্গোপসাগরে নিম্নচাপ! পুজোর আগে ফের বৃষ্টির ভ্রুকুটি বাংলায়

সেক্টর ফাইভ পর্যন্ত পরিষেবা চালু হলে অরেঞ্জ লাইনের দৈর্ঘ্য ১৪ কিলোমিটারের বেশি হবে। যুক্ত হবে গৌরকিশোর ঘোষ, নলবন এবং সেক্টর ফাইভ—এই তিনটি স্টেশন। সেক্টর ফাইভে গ্রিন লাইনের সঙ্গে সংযোগের জন্য ফুটব্রিজ তৈরি করা হচ্ছে। ফলে যাত্রীরা সহজেই গ্রিন লাইনে উঠে শিয়ালদহ, ধর্মতলা ও হাওড়ার দিকে যেতে পারবেন।

বিমানবন্দর পর্যন্ত সম্প্রসারণের কাজ ২০২৭ সালের জুনের শেষ দিক সম্পন্ন হলে অরেঞ্জ লাইন ৩২ কিলোমিটারের বেশি দীর্ঘ হবে ।দক্ষিণ কলকাতা , সল্টলেক যাতায়াত আর‌ও সহজ হবে তার পাশাপাশি যানজট কমাতেও সহায়ক হবে বলে মনে করা হচ্ছে।