SIR: এসআইআর চূড়ান্ত তালিকা প্রকাশ, জেলায় জেলায় ভোটার সংখ্যা কমল ব্যাপকভাবে

রাজ্য

নিউজ পোল ব্যুরো: রাজ্যজুড়ে এসআইআর (SIR) প্রক্রিয়া শেষের পথে, আর তার সঙ্গেই সামনে আসছে জেলা-ভিত্তিক ভোটার তালিকার বড়সড় পরিবর্তনের ছবি। এক নজরে দেখে নেওয়া যাক বিভিন্ন জেলার হালনাগাদ পরিস্থিতি—

হুগলি জেলা: এসআইআর (SIR) শুরুর আগে হুগলি জেলায় মোট ভোটার ছিলেন ৪৭ লক্ষ ৭৫ হাজার ৯৯ জন। সংশোধন প্রক্রিয়ায় দেখা যাচ্ছে, এর মধ্যে ১ লক্ষ ৭৩ হাজার ৬৪ জন ভোটারের নাম এখনও এডজুডিকেশন বা বিচারাধীন তালিকায় রয়েছে। পাশাপাশি মৃত, স্থানান্তরিত কিংবা খোঁজ না মেলা ভোটারদের মধ্যে ৩ লক্ষ ৩৪ হাজার ১৮৫ জনের নাম পুরোপুরি বাদ পড়েছে। ফলে চূড়ান্ত (SIR) তালিকায় হুগলি জেলায় ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ৪৪ লক্ষ ৪০ হাজার ২৯৩ জন।

আরও পড়ুন: Mamata Banerjee : মহিলাদের নিরাপত্তায় বড় উদ্যোগ! কলকাতার মোড়ে ‘পিঙ্ক বুথ’, রাতে টহল দেবে ‘শাইনিং’ টিম

পশ্চিম বর্ধমান জেলা: জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, পশ্চিম বর্ধমানে মোট প্রায় ২৩ লক্ষ ভোটার রয়েছেন। এর মধ্যে ১ লক্ষ ৪৫ হাজার ৬৪৯ জনের নাম ম্যাপিং না হওয়ার কারণে তালিকাভুক্ত ছিল। তথ্যগত অসঙ্গতির জন্য প্রায় ২ লক্ষ ৮২ হাজার ভোটারকে শুনানিতে ডাকা হয়। সর্বশেষ সর্বদল বৈঠকে জানানো হয়েছে, আপাতত ১ লক্ষ ৩৭ হাজার ৫৩৯ জন ভোটারের নাম নিয়ে নিষ্পত্তি এখনও বাকি।

আলিপুরদুয়ার (Alipurduar) জেলা: জেলাশাসক জানিয়েছেন, আলিপুরদুয়ারে মোট ভোটার ১১ লক্ষ ৯৬ হাজার ৬৫১ জন। এর মধ্যে ৮০ হাজার ৪৯৪ জনের নাম অমীমাংসিত রয়েছে। চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েছে ১১ হাজার ৬৯২ জনের নাম, আর নতুন ভোটার যুক্ত হয়েছেন ৪ হাজার ১৪৩ জন।

বাঁকুড়া (Bankura) জেলা: বাঁকুড়ায় ড্রাফট তালিকা থেকেই আগে বাদ পড়েছিল ১ লক্ষ ৩২ হাজার ভোটারের নাম। চূড়ান্ত তালিকায় নতুন করে আরও ৩ হাজার ভোটারের নাম বাদ যাচ্ছে। সব মিলিয়ে জেলায় বাদ পড়া ভোটারের সংখ্যা দাঁড়াল ১ লক্ষ ৩৫ হাজার। তথ্যগত অসঙ্গতির কারণে এখানে ২ লক্ষ ৯৬ হাজার ভোটারকে নোটিস পাঠানো হয়েছিল। তাঁদের মধ্যে ৩ হাজার জন শুনানিতে হাজির না হওয়ায় নাম কাটা যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সব মিলিয়ে নির্বাচন কমিশন সূত্রে খবর, রাজ্যজুড়ে ৬৫ লক্ষেরও বেশি ভোটারের নাম বাদ পড়তে চলেছে, যা ভোটার তালিকা সংশোধন নিয়ে নতুন করে রাজনৈতিক ও প্রশাসনিক আলোচনার জন্ম দিয়েছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole