৬০% থেকে বেড়ে ৬৩% ডিএ, কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা!

দেশ

নিউজপোল ব্যুরো:   উৎসবের মরশুমে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য বড় সুখবর! মহার্ঘ ভাতা (DA) ৩ শতাংশ বৃদ্ধির ঘোষণা ঘিরে খুশির খবর সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য। এই বৃদ্ধির ফলে ৬০ শতাংশ থেকে বেড়ে ডিএ-র হার দাঁড়াবে ৬৩ শতাংশ। ফলে উপকৃত হবে প্রায় ৪৮লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং ৬৮ লক্ষ পেনশনভোগী।

সাধারণত বছরে দু’বার কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি ঘোষণা করা হয়। বাজারে মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে কর্মীদের আর্থিক সুরাহা দিতেই এই ভাতা বাড়ানো হয়। ১২ মাসের গড় কনজিউমার প্রাইস ইনডেক্সের ভিত্তিতে মহার্ঘ ভাতার হার নির্ধারণ করা হয়।

এর আগে ২০২৬ সালের এপ্রিলে ২ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করা হয়েছিল বলে জানা গিয়েছে। সেই বৃদ্ধি জানুয়ারি মাস থেকে কার্যকর হয়েছিল। গত ১৮ এপ্রিল মূল বেতনের ৬০% DA দেওয়ার ঘোষণা করে মোদি সরকার। কেন্দ্র সরকারের কর্মীদের জন্য এটি প্রধানমন্ত্রীর দীপাবলির উপহার, জানালেন অশ্বিনী বৈষ্ণব। আগামী ১ জুলাই থেকে বর্ধিত হারে DA কার্যকর হবে বলেও জানিয়েছেন মন্ত্রী।

অন্যদিকে, রাজ্য সরকারি কর্মীদের ডিএ-র সঙ্গে কেন্দ্রীয় কর্মীদের ডিএ-র ব্যবধান অনেক।নতুন হার কার্যকর হলে কেন্দ্র ও রাজ্যের কর্মীদের মহার্ঘ ভাতার ফারাক আরও বাড়তে পারে।