চোরবাগানকাণ্ডে ভিড়ের চাপে বিপর্যয়! বৃষ্টি, মহিলা স্বেচ্ছাসেবকের অভাব, একাধিক দিক খতিয়ে দেখছে পুলিশ

রাজ্য

নিউজপোল ব্যুরো:   চোরবাগানের ঘটনা মুহূর্তে বদলে দিয়েছিল পুজোর আমেজ। উত্তর কলকাতার এই বিশাল মন্ডপে সপ্তমীর সন্ধ্যায় পদপিষ্ট হয়ে ১৯ জনের প্রাণহানী হয়েছে। এই ঘটনায় কীভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেল, তা খতিয়ে দেখছে লালবাজার। প্রাথমিক তদন্তে উঠে এসেছে আচমকা বৃষ্টি, এক্সিট গেটের সামনে ভিড় জমে যাওয়া এবং সংকীর্ণ গেট নিয়ে প্রশ্ন উঠেছে। এছাড়াও পর্যাপ্ত মহিলা স্বেচ্ছাসেবক ও পুলিশের ভূমিকাও এখন প্রশ্নের মুখে।

তদন্তকারীদের প্রাথমিক তথ্য অনুযায়ী, ভিড় বাড়ার পিছনে একাধিক কারণ থাকতে পারে। বৃষ্টিতে সাজগোজ নষ্ট হওয়ার আশঙ্কায় কয়েকজন মহিলা মণ্ডপ থেকে বেরোতে চাইছিলেন না বলেও দাবি করা হয়েছে। পাশাপাশি, পরিস্থিতি সামাল দেওয়ার জন্য পর্যাপ্ত মহিলা স্বেচ্ছাসেবক বা মহিলা পুলিশ মোতায়েন ছিল কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ সূত্রে খবর, গত ১৭ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ ঘটনাটি ঘটে। সেই সময় মণ্ডপের এক্সিট গেটের সামনে বহু মহিলা দর্শনার্থী জড়ো হয়েছিলেন। আচমকা বৃষ্টি শুরু হওয়ায় অনেকে গেটের সামনে দাঁড়িয়ে পড়েন। ফলে ক্রমশ বাড়তে থাকে ভিড়ের চাপ। বৃষ্টি থেকে বাঁচতে হুড়োহুড়ি শুরু হলে কয়েকজন দর্শনার্থী পড়ে যান। এক্সিট গেট থেকে মাত্র ১১ ফুট দূরত্বে এই ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। তবে দুর্ঘটনার সম্পূর্ণ কারণ এখনও জানা যায়নি।