“জেহাদিদের মেয়ে হয়ে থাকতে রাজি নই!” ইসলাম ছেড়ে সনাতন ধ*র্ম গ্রহণের দাবি নাজিয়ার, ‘পিতা’ হিসেবে কাকে মানেন তিনি?

রাজনীতি রাজ্য

নিউজপোল ব্যুরো: ধর্মীয় পরিচয় বদলের দাবি ঘিরে ফের আলোচনার কেন্দ্রে বিজেপির সঙ্গে যুক্ত আইনজীবী নাজিয়া ইলাহি খান। মধ্যপ্রদেশের উজ্জয়িনীর রামঘাটে পুজো-অর্চনা ও ধর্মীয় আচার পালনের পর তিনি সনাতন হিন্দু ধর্ম গ্রহণ করেছেন বলে জানিয়েছেন। মঙ্গলবারের এই অনুষ্ঠানের একটি ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে নিরাপত্তার মধ্যে তাঁকে বিভিন্ন আচার পালন করতে দেখা গিয়েছে বলে দাবি করা হচ্ছে।

নাজিয়া দীর্ঘদিন ধরেই নিজেকে সনাতনী হিসেবে পরিচয় দিয়ে আসছেন। তাঁর বক্তব্য, এই পদক্ষেপকে তিনি ‘ঘর ওয়াপসি’ হিসেবেই দেখছেন। উত্তরপ্রদেশের লোনির বিজেপি বিধায়ক নন্দকিশোর গুর্জরকে নিজের ‘পিতা’ বলে উল্লেখ করেছেন তিনি। নাজিয়ার দাবি, ওই বিধায়ক তাঁকে নিজের গোত্র দিয়েছেন এবং কঠিন সময়ে পাশে দাঁড়িয়েছেন।

ধর্ম পরিবর্তনের প্রসঙ্গে নাজিয়া নিজের পুরনো ধর্মীয় পরিচয় নিয়ে একাধিক বিতর্কিত মন্তব্য করেছেন। তাঁর বক্তব্য এবং পূর্বপুরুষদের পরিচয় নিয়ে করা দাবিকে ঘিরেও সমাজমাধ্যমে আলোচনা চলছে। তবে তাঁর বক্তব্যের পাশাপাশি বিষয়টি নিয়ে বিভিন্ন মহলের প্রতিক্রিয়াও নজরে রয়েছে। রাজনৈতিক ও আইনি ক্ষেত্রেও নাজিয়া আগে একাধিকবার সংবাদে এসেছেন। চলতি বছরের এপ্রিলে মুম্বইয়ের একটি লেন্সকার্ট শোরুমে কর্মীদের তিলক পরা নিয়ে নিষেধাজ্ঞার অভিযোগের প্রতিবাদে তিনি সেখানে গিয়েছিলেন বলে জানা যায়। ২০২২ সালে অভিনেতা রণবীর সিংয়ের একটি ফটোশুট নিয়েও কলকাতা হাই কোর্টে আবেদন করেছিলেন তিনি।

সম্প্রতি তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলেও দাবি করেছিলেন নাজিয়া। সেই বক্তব্যের পর তাঁর নিরাপত্তা নিয়ে পদক্ষেপের খবর সামনে আসে। এর আগে ২০২১ সালে ভুয়ো আইনজীবী পরিচয়ে টাকা নেওয়ার অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছিল বলে সংবাদে প্রকাশিত হয়। পরে তিনি আইনজীবী হিসেবে কাজের লাইসেন্স পেয়েছেন বলে জানা যায়।। তাঁর বক্তব্য, ভিডিও এবং সংশ্লিষ্ট দাবিগুলির নির্ভরযোগ্য যাচাইয়ের দিকেও নজর রয়েছে।