নিউজপোল ব্যুরো: বিগ বস মানেই বাড়ির ভিতরে সম্পর্কের সমীকরণ প্রতিদিনই বদলাচ্ছে। Wild Card এন্ট্রি হিসাবে জিতু ঢোকার পর থেকেই রাজবীর জিতুর সম্পর্ক দেখেছে বাংলার দর্শক। এদের মধ্যে তৈরি হয়েছিল বেশ সুন্দর বন্ধুত্ব। কিন্তু সেই সম্পর্ক এখন দূরত্বে তৈরি হয়েছে। পুরানো সমীকরণ ফিরিয়ে আনার চেষ্টা করেও শেষ পর্যন্ত সফল হলেন না নন্দিনী দত্ত। মঙ্গলবারের পর্বে জীতুর কথাতেই পরিষ্কার হয়ে গেল, রাজবীরের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে তিনি রাজি নন।
রাজবীরের সঙ্গে জীতুর ঘনিষ্ঠতা প্রথম থেকেই নজর কেড়েছিল দর্শকদের। জীতু একাধিকবার জানিয়েছেন, রাজবীরের মধ্যে তিনি নিজের ছোটবেলার ছায়া দেখতে পান। সেই কারণেই তাঁকে ছোট ভাইয়ের মতো স্নেহ করেন। কিন্তু এই সম্পর্ক নিয়ে নন্দিনীর আপত্তি থেকেই ধীরে ধীরে জটিলতা বাড়ে। নানা বিষয়ে মতবিরোধের জেরে জীতু ও রাজবীরের মধ্যে দূরত্ব তৈরি হয়।
পরিস্থিতি সামাল দিতে এবার উদ্যোগী হন নন্দিনী। তাঁর কথায়, জীতুর সঙ্গে দূরত্বের কারণে রাজবীর মানসিকভাবে কষ্ট পাচ্ছেন। এমনকী, কান্নাকাটিও করছেন বলে জানান তিনি। রাজবীরও ইঙ্গিতে পুরানো বন্ধুত্ব ফিরিয়ে আনার চেষ্টা করেন। কিন্তু কোনও কিছুতেই নিজের সিদ্ধান্ত বদলাননি জীতু।
পুলের পাশে বসে জীতুকে বলতে শোনা যায়, “তুমিই ভেঙেছো, তুমিই এখন জুড়তে এসেছো! ওসব হবে না। এই বাড়িতে থাকতে আর কিছু হবে না। বেরনোর পর দেখা যাবে।”
