Emraan Hashmi:‘আওয়ারাপন ২’-এর ১০০ কোটির উল্লাসের মাঝেই বিপত্তি, সোয়াইন ফ্লুতে কাবু ইমরান হাশমি!

বিনোদন

নিউজ পোল ব্যুরো:‘আওয়ারাপন ২’-এর দুর্দান্ত সাফল্য উদযাপনের মাঝেই অনুরাগীদের জন্য এল দুঃসংবাদ। সোয়াইন ফ্লু বা H1N1 ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হয়েছেন বলিউড অভিনেতা ইমরান হাশমি (Emraan Hashmi)। অসুস্থতার কারণে বেঙ্গালুরুতে তাঁর পূর্বনির্ধারিত একটি বিশেষ অনুষ্ঠানও বাতিল করতে হয়েছে। আপাতত চিকিৎসকদের পরামর্শ মেনে বিশ্রামে রয়েছেন অভিনেতা।

আরও পড়ুন:Narendra Modi:জন্মশতবর্ষের প্রাক্কালে মহানায়ককে স্মরণ মোদীর, ‘মন কি বাত’-এ উত্তম কুমারের অভিনয়ের ভূয়সী প্রশংসা!

জানা গিয়েছে, সম্প্রতি তাঁর পরবর্তী একটি ছবির শুটিংয়ের জন্য রাঁচিতে গিয়েছিলেন ইমরান। সেখান থেকে মুম্বই ফেরার পর থেকেই তীব্র জ্বর-সহ বেশ কিছু শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি। গত শুক্রবার রক্ত পরীক্ষা করানোর পর তাঁর H1N1 সংক্রমণের বিষয়টি নিশ্চিত হয়। এরপরই চিকিৎসকের পরামর্শে সম্পূর্ণ বিশ্রামে এবং সেলফ-আইসোলেশনে রয়েছেন অভিনেতা।

অসুস্থতার খবর নিজেই অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন ইমরান। নিজের স্বভাবসিদ্ধ রসিকতার সুরেই বেঙ্গালুরুর অনুষ্ঠান বাতিল হওয়ার জন্য দুঃখপ্রকাশ করেছেন তিনি। পাশাপাশি জানিয়েছেন, অনুষ্ঠানটি আগামী ১২ সেপ্টেম্বর শনিবার অনুষ্ঠিত হবে। ইতিমধ্যেই যাঁরা টিকিট কিনেছেন, তাঁদের নতুন তারিখে সেই টিকিটই বৈধ থাকবে।

এদিকে, পেশাগত দিক থেকে ২০২৬ সালটা ইমরান হাশমির (Emraan Hashmi) জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২০০৭ সালের জনপ্রিয় ছবি ‘আওয়ারাপন’-এর সিক্যুয়েল ‘আওয়ারাপন ২’-এর হাত ধরে বড় পর্দায় জোরালো প্রত্যাবর্তন করেছেন অভিনেতা। ছবিতে দিশা পাটানি ও শাবানা আজ়মির সঙ্গে তাঁর অভিনয়ও দর্শকদের নজর কেড়েছে।

‘আওয়ারাপন ২’-এর সাফল্য ইমরানের কেরিয়ারেও নতুন মাত্রা যোগ করেছে। ছবিটি তাঁর দ্রুততম ১০০ কোটি টাকার সোলো ছবির নজির গড়েছে বলে দাবি করা হয়েছে। একইসঙ্গে ছবিটির সাফল্যের পর ‘আওয়ারাপন ৩’ নিয়েও ইতিমধ্যেই ঘোষণা করেছেন নির্মাতারা।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:https://youtube.com/@thenewspole

অন্যদিকে, সুস্থ হয়ে কাজে ফেরার পর ইমরানকে দেখা যাবে আদিত্য দত্ত পরিচালিত অ্যাকশন ছবি ‘গানমাস্টার জি৯’-এ। ছবিতে জেনেলিয়া ডি’সুজ়ার সঙ্গে অভিনয় করবেন তিনি। ভিন্নধর্মী অ্যাকশন অবতারে ইমরানকে এই ছবিতে দেখা যাবে বলে জানা গিয়েছে। ছবিটি ২৭ নভেম্বর, ২০২৬ প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। এই মুহূর্তে অনুরাগীদের একটাই প্রত্যাশা—দ্রুত সুস্থ হয়ে আবার শুটিং ও নিজের কাজের জগতে ফিরুন তাঁদের প্রিয় অভিনেতা।