‘নতুন কিছু করতেও ভয় লাগছে’, সৌন্দর্যায়ন বিতর্কে মুখ খুললেন অগ্নিমিত্রা পাল

breakingnews রাজনীতি রাজ্য

নিউজপোল ব্যুরো: শহরের সৌন্দর্যায়ন ঘিরে বিতর্কের মধ্যেই নিজের অবস্থান স্পষ্ট করলেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। চিংড়িহাটা ব্রিজে বাইক স্কিড করে পড়ে যাওয়ার ভিডিয়ো ভাইরাল হওয়ার পর রাস্তার রং নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন বিরোধীরা। সেই বিতর্কের জবাব দিতে গিয়ে মন্ত্রীর বক্তব্য, মানুষের জন্য শহরকে সুন্দর করে তোলার চেষ্টা করলেও এখন নতুন কিছু করতে ভয় লাগছে।

অগ্নিমিত্রা জানান, ব্রিজের তলায় অব্যবহৃত জায়গাগুলিকে কাজে লাগিয়ে খেলার পরিবেশ তৈরি করার পরিকল্পনা রয়েছে। দু’পাশে নেট দিয়ে ঘিরে সেখানে টেবিল টেনিস খেলার ব্যবস্থা করা যেতে পারে। তবে ওই জায়গায় ক্রিকেট খেলা সম্ভব হবে কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন তিনি। গড়িয়াহাট ব্রিজের নীচে দাবা খেলার ব্যবস্থার উদাহরণও তুলে ধরেন মন্ত্রী।

চিংড়িহাটার দুর্ঘটনা প্রসঙ্গে তাঁর দাবি, বাইক স্কিড করার পিছনে একাধিক কারণ থাকতে পারে। শুধু রাস্তার রংকেই দুর্ঘটনার কারণ বলে ধরে নেওয়া ঠিক নয়। পরিস্থিতি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপের কথাও জানান তিনি।

পাশাপাশি, কলকাতা, হাওড়া ও শিলিগুড়িতে রাস্তা, ব্রিজের তলা এবং অবহেলিত মাঠের সৌন্দর্যায়নে কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (CSR) তহবিল ব্যবহারের পরিকল্পনার কথাও তুলে ধরেন অগ্নিমিত্রা।