নিটের প্রশ্নফাঁস থেকে শিক্ষা, এবার পরীক্ষা ব্যবস্থায় AI-নির্ভর নতুন ভাবনা কেন্দ্রের

শিক্ষা

নিউজপোল ব্যুরো: নিটের প্রশ্নফাঁস ঘিরে দেশজুড়ে বিতর্ক, পড়ুয়াদের বিক্ষোভ এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি—সব মিলিয়ে তোলপাড় হয়েছিল দেশের শিক্ষা মহল। সেই বিতর্কের রেশ কাটলেও পরীক্ষা ব্যবস্থার স্বচ্ছতা নিয়ে উদ্বেগ কমেনি। পরিস্থিতি সামাল দিতে সর্বভারতীয় পরীক্ষার পদ্ধতিতে বদলের প্রয়োজনীয়তার কথা বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। এবার সেই ভাবনাকেই সামনে রেখে পরীক্ষা ব্যবস্থায় সংস্কারের নতুন পথ খুঁজছে কেন্দ্র।

কেন্দ্র বুঝেছিল সর্বভারতীয় পরীক্ষা বা রাজ্য স্তরের পরীক্ষার ক্ষেত্রে প্রশ্নপত্র ফাঁস আবারও ঘটতে পারে।যাঁরা প্রশ্নপত্র তৈরির দায়িত্বে থাকে তাদের একাংশের হাত দিয়েই প্রশ্নপত্র ফাঁস হয় ।তাই এবার একেবারে আলাদা ,অন্যরকম পন্থার অবলম্বন করা হয়েছে। প্রশ্নপত্র আগে থেকে ছাপা হবে না , পরীক্ষা শুরুর ৪-৫ ঘন্টা আগে তৈরি হবে প্রশ্ন। প্রশ্নপত্র তৈরির জন্য কোন বিশেষজ্ঞ দলের প্রয়োজন হবে না।চূড়ান্ত প্রশ্নপত্র তৈরির দায়িত্ব থাকবে কৃত্রিম বুদ্ধিমত্তার উপর।

পরীক্ষা ব্যবস্থায় সংস্কারের ভার পড়েছে ইনফোসিসের ফাউন্ডার মেম্বার নন্দন নিলেকানির নেতৃত্বে বিশেষজ্ঞ কমিটির উপর।নিলেকানির বক্তব্য, প্রশ্নপত্র তৈরিতে মানুষের হস্তক্ষেপ যতদূর সম্ভব কমাতে হবে। তা হলেই প্রশ্নফাঁসের মতো ঘটনা ঘটবে না। আগে থেকে প্রশ্ন তৈরিও দরকার নেই। প্রশ্নকর্তারা দু-সপ্তাহ ধরে যেটা করবেন, এআই ৩০ সেকেন্ডে সেই কাজটা করে দেবে। প্রশ্নপত্র ছাপা হলে সেটা দ্রুত হলে পৌঁছাবে।তিনি আরও বলেছেন যে ক্যাট ,স্যাট, জিম্যাটের মত পরীক্ষা অনলাইনে হয় । শুধু অনলাইন নয় সমস্ত সিস্টেমটাকে ঠিক করতে গেলে আমাদের হাতিয়ার AI ।

নিলেকানির বক্তব্য নিয়ে তৈরি হয়েছে জল্পনা। প্রশ্নপত্র তৈরিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সির হস্তক্ষেপ কতটা ঠিক তা নিয়ে রয়ে যাচ্ছে প্রশ্ন।