নিউজপোল ব্যুরো:মেয়ের মৃত্যুর ন্যায়বিচারের দাবিতে রাজধানী দিল্লির ইন্ডিয়া গেটে রাতভর ধরনায় বসেছিলেন অঙ্কিতা ভাণ্ডারীর বাবা-মা। বৃহস্পতিবার ভোর প্রায় ৪টে নাগাদ তাঁদের আটক করে পুলিশ। তাঁদের সঙ্গে কংগ্রেস নেতা পবন খেড়া-সহ বিরোধী দলের একাধিক নেতা ও কর্মীকেও আটক করা হয়। প্রায় দু’ঘণ্টা পরে অঙ্কিতার বাবা-মাকে ছেড়ে দেওয়া হয়। তবে আন্দোলন থামাতে নারাজ পরিবার।
অঙ্কিতা ভাণ্ডারী হত্যা মামলায় সম্ভাব্য ‘ভিআইপি যোগ’-এর তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিজেপি নেতা দুষ্মন্ত কুমার গৌতমের সিকিমের রাজ্যপাল পদে নিয়োগ স্থগিত রাখার দাবি তুলেছেন তাঁর বাবা-মা। অঙ্কিতার বাবা সরকারের কাছে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়ে জানিয়েছেন, দাবি পূরণ না হলে দেশজুড়ে প্রতিবাদ গড়ে উঠতে পারে। অন্যদিকে, ধরনায় বসতে বাধা দেওয়া হলে বাড়িতেই অনশন শুরু করবেন বলে জানিয়েছেন অঙ্কিতার মা।
বুধবার সন্ধ্যায় এই আন্দোলনে যোগ দিয়েছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী বঢরা-সহ কংগ্রেসের একাধিক নেতা। পুলিশের পদক্ষেপের সমালোচনা করেছে বিরোধী শিবির।
উল্লেখ্য, ২০২২ সালে উত্তরাখণ্ডের ঋষিকেশের কাছে একটি রিসর্টে কর্মরত ১৯ বছরের অঙ্কিতার মৃত্যু হয়। ওই মামলায় তিন অভিযুক্তকে আদালত যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। তবে সম্ভাব্য প্রভাবশালী ব্যক্তির ভূমিকা নিয়ে তদন্তের দাবিতে ফের সরব পরিবার।
