আন্দোলনের মাঝেই নতুন আইনি জটিলতা! অভিজিৎ দিপকে-সহ সিজেপি নেতাদের বিরুদ্ধে SC-ST আইনে মামলা

breakingnews দেশ রাজনীতি

নিউজপোল ব্যুরো: আন্দোলনকে কেন্দ্র করে উত্তাল দিল্লি। ককরোজ জনতা পার্টির আন্দোলন এবার আইনি সমস্যায় পড়ল। অভিজিৎ দিপকে-সহ একাধিক নেতা এবং কয়েকজন স্বাধীন সাংবাদিকের বিরুদ্ধে তফশিলি জাতি ও উপজাতি সংক্রান্ত আইনে মামলা করেছে দিল্লি পুলিশ। এই ঘটনাকে ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

পুলিশের সহকারী কমিশনার বিবেক ভগতের অভিযোগ, ৩ অক্টোবর যন্তর মন্তরে বিক্ষোভের সময় তাঁকে জাত তুলে অপমান করা হয়। পরে তাঁকে নিয়ে বিভিন্ন অভিযোগ এবং সামাজিক মাধ্যমে সম্মানহানিকর পোষ্ট ছড়ানো হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই মামলায় অভিজিৎ দিপকে, সৌরভ দাস, আশুতোষ রাঙ্কা ও রত্না সিংয়ের নাম রয়েছে। পাশাপাশি স্বাধীন সাংবাদিক রোজি এবং গজেন্দ্র সিংয়ের নামও রয়েছে এফআইআরে।

আরও দেখুন:-ঢাকের তালে বৃষ্টির ছন্দপতন! পঞ্চমী থেকে সপ্তমী ভিজবে বাংলা, অষ্টমী থেকে স্বস্তি

এই ঘটনার সঙ্গে জড়িয়ে রয়েছে আরেকটি অভিযোগও। যন্তর মন্তরে বিক্ষোভের সময় কয়েকজন মহিলা সাংবাদিক পুলিশের বিরুদ্ধে হেনস্তার অভিযোগ করেছিলেন। সেই অভিযোগের তদন্ত করছে দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। এর আগে যন্তর মন্তরে ব্যারিকেড পেরিয়ে ঢোকার চেষ্টা করার অভিযোগে সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের জেল হেফাজতে পাঠায় দিল্লির একটি আদালত। তার পরেই নতুন মামলা ঘিরে সিজেপি নেতাদের আইনি জটিলতা বাড়ল।

অন্যদিকে, কেন্দ্রের বিরুদ্ধে দেশে অলিখিত জরুরি অবস্থা চালানোর অভিযোগ তুলেছেন অভিজিৎ দিপকে। শুক্রবার দিল্লির কনটপ্লেসে জাতীয় পতাকা তোলার কর্মসূচিও ঘোষণা করেছে সিজেপি। দিপকের বক্তব্য, তাঁদের আন্দোলনের সঙ্গে বিরোধী জোটের কোনও বিরোধ নেই। নতুন মামলার পর এই কর্মসূচি ঘিরে দিল্লির পরিস্থিতি কোন দিকে যায়, এখন সেদিকেই নজর রয়েছে।