ঢাকের তালে বৃষ্টির ছন্দপতন! পঞ্চমী থেকে সপ্তমী ভিজবে বাংলা, অষ্টমী থেকে স্বস্তি

আবহাওয়া

নিউজপোল ব্যুরো: আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা, তারপরই উৎসবের রঙে মেতে উঠবে বাংলা। কোথাও শেষ মুহূর্তের মণ্ডপসজ্জা, কোথাও প্রতিমা দর্শনের প্রস্তুতি। কিন্তু পুজোর আনন্দের মাঝে আকাশের মেজাজ নিয়ে তৈরি হয়েছে কিছুটা অনিশ্চয়তা। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, পঞ্চমী থেকে সপ্তমী পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। যদিও ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।

১৫ অক্টোবর, পঞ্চমীতে কলকাতা, হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও কোথাও কোথাও বৃষ্টি হতে পারে। তাই ঠাকুর দেখতে বেরোনোর পরিকল্পনায় ছাতা রাখার কথা ভুললে চলবে না।

১৬ অক্টোবর ষষ্ঠীতে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ১৭ অক্টোবর সপ্তমীর প্রথম দিনেও কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামের কিছু এলাকায় বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের কয়েকটি জেলাতেও হালকা বর্ষণের সম্ভাবনা রয়েছে।

তবে পুজোর পরের দিনগুলিতে মিলতে পারে স্বস্তি। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ১৮ থেকে ২২ অক্টোবর পর্যন্ত দক্ষিণবঙ্গে আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। অষ্টমী থেকে উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা কমবে। ফলে পুজোর প্রথম দিকে মেঘের আনাগোনা থাকলেও শেষের দিনগুলিতে নির্বিঘ্নে প্রতিমা দর্শনের সুযোগ মিলতে পারে।