নিউজপোল ব্যুরো: বড়ো দিন মানেই পার্কস্ট্রিটে আলোর রোশনাই,উৎসবের আমেজ। পুজোর সময় এই রাস্তা ফাঁকাই থাকে।কিন্তু এবারে ডিসেম্বরের আগেই আলো ঝলমলে হয়ে উঠেছে পার্কস্ট্রিট।দুর্গাপুজো উপলক্ষে অ্যালেন পার্কে উপচে পড়ছে দর্শনার্থীদের ভিড়। মণ্ডপসজ্জা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান, সবেতেই রয়েছে অভিনবত্বের ছোঁয়া।
এবার অ্যালেন পার্কের প্রথম বছর পুজো।পুজোর থিম হিসাবে শিবের তাণ্ডব এবং পার্বতীর প্রতি তাঁর ভালোবাসা ফুটিয়ে তোলা হয়েছে। শিবের আদলে তৈরি হয়েছে মণ্ডপ। দেবাদিদেবের রুদ্ররূপ ফুটিয়ে তুলতে ব্যবহার করা হয়েছে বিভিন্ন আলো। মণ্ডপের পাশাপাশি নজর কেড়েছে দুর্গাপ্রতিমাও।মন্ডপের ভিতরে আলোকসজ্জা মন কেড়েছে দর্শনার্থীদের ।
তবে অ্যালেন পার্কের আকর্ষণ শুধু মণ্ডপ বা প্রতিমাতেই সীমাবদ্ধ নয়। মণ্ডপের পাশের মঞ্চে রয়েছে লাইভ পারফরম্যান্সের আয়োজন। সেখানে বিশাল নটরাজের মূর্তিকে সামনে রেখে মধ্যপ্রদেশের একটি দল শিবের তাণ্ডব এবং মহাকালের আরতি দর্শনার্থীদের সামনে তুলে ধরছে। ঢোল, করতাল ও ডুগডুগিরর সহযোগে এই পরিবেশনা বিশেষ আকর্ষণ হয়ে দাঁড়িয়েছে। দশমী পর্যন্ত চলবে এই অনুষ্ঠান।
তৃতীয়বার রাত থেকেই মন্ডপে ভিড় উপচে পড়েছে।তারা মুঠোফোনে বন্দী করছে মাতৃরূপ থেকে আলোকসজ্জা।এখানে পুজো উপলক্ষে রয়েছে একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠানও। সঙ্গীতশিল্পী কৈলাশ খের-সহ বলিউডের বেশ কয়েকজন শিল্পীর আসার কথা রয়েছে। সব মিলিয়ে, পার্ক স্ট্রিটের অ্যালেন পার্কে এবার দুর্গাপুজোর আয়োজন দর্শনার্থীদের কাছে বাড়তি আকর্ষণ হয়ে উঠেছে।
