নিউজপোল ব্যুরো: কলকাতার নারকেলডাঙা ও বেলেঘাটা এলাকায় বেআইনি নির্মাণের অভিযোগের তদন্তে নেমে কলকাতা হাই কোর্টে অস্বস্তিতে পড়ল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। তদন্তের প্রাথমিক রিপোর্ট জমা দিতে গিয়ে আদালতের প্রয়োজনীয় নিয়ম না মানায় প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগের ডিভিশন বেঞ্চের প্রশ্নের মুখে পড়তে হয় কেন্দ্রীয় সংস্থাকে। শেষ পর্যন্ত সিবিআইয়ের পেশ করা রিপোর্ট গ্রহণ না করে তা ফিরিয়ে দেয় আদালত।
মামলার শুনানিতে সিবিআই ডিভিশন বেঞ্চে প্রাথমিক অনুসন্ধানের মাত্র একটি কপি জমা দেয়। বিষয়টি নজরে আসতেই অসন্তোষ প্রকাশ করেন প্রধান বিচারপতি। ডিভিশন বেঞ্চে দু’জন বিচারপতি থাকেন, তা কি সিবিআই জানে না, সেই প্রশ্নও তোলেন তিনি। আদালতের প্রয়োজনীয় প্রোটোকল মেনে নথি জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয় তদন্তকারী সংস্থাকে।
উল্লেখ্য, গত সেপ্টেম্বর মাসে রাজাবাজার, বেলেঘাটা, মানিকতলা ও ক্যানেল ইস্ট রোড এলাকায় ৫০টিরও বেশি বেআইনি বহুতল নির্মাণের অভিযোগের তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেয় হাই কোর্ট। আদালতের নির্দেশে নারকেলডাঙা ও আমহার্স্ট স্ট্রিট থানা এলাকার অন্তত ৫৫টি নির্মাণের বৈধতা খতিয়ে দেখা হচ্ছে।
