নিউজ পোল ব্যুরো: পশ্চিমবঙ্গ সরকার এবার সরাসরি মানুষের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছে ছোটখাটো নাগরিক সমস্যার সমাধানে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘ডোরস্টেপ গভর্নেন্স’ মডেল অনুসরণে আজ, শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হয়েছে নতুন প্রকল্প—‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ (amader para amader samadhan)।
এই প্রকল্পের মাধ্যমে জল সমস্যা, অঙ্গনওয়াড়ির ছাদ চুঁইয়ে জল পড়া, স্কুলের দেয়ালে রং না থাকা, শৌচাগার বা নলকূপের ত্রুটি ইত্যাদি ১৬ ধরনের সমস্যার দ্রুত সমাধান করা হবে। আজ থেকেই শুরু শিবির—চলবে আগামী ৩ নভেম্বর পর্যন্ত। দুর্গাপুজো ও কালীপুজোর ছুটির সময় শিবির বন্ধ থাকবে। প্রতি তিনটি বুথে একটি করে শিবির বসবে। রাজ্যজুড়ে প্রায় ২৮,০০০ শিবির স্থাপনের লক্ষ্যমাত্রা নিয়েছে প্রশাসন।
প্রধান কাজের মধ্যে রয়েছে:
নলকূপ বসানো ও মেরামত
পানীয় জলের লাইন সংযোগ
LED বা সোলার লাইট স্থাপন
অঙ্গনওয়াড়ি ছাদ সংস্কার
স্কুলে রং ও বেঞ্চ
শৌচাগার নির্মাণ
পুকুর সংস্কার ও ঘাট বাঁধানো
বর্জ্য ব্যবস্থাপনা
বাসস্টপ, কমিউনিটি সেন্টার সংস্কার
অ্যাম্বুলেন্স ও রিকশা স্ট্যান্ড ব্যবস্থা
বিদ্যুৎ সংযোগ সমস্যা সমাধান
প্রতিটি বুথের জন্য ১০ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে, যার ফলে মোট বাজেট দাঁড়িয়েছে প্রায় ৮,০০০ কোটি। রাজ্য সরকারের লক্ষ্য, জানুয়ারির মধ্যে সব কাজ সম্পূর্ণ করা। এই প্রকল্প শুধুমাত্র নাগরিক পরিষেবার উন্নয়ন নয়, কর্মসংস্থানের সুযোগও তৈরি করবে বলে মনে করছে প্রশাসন। ‘১০০ দিনের কাজ’ প্রকল্পের কেন্দ্রীয় অর্থ বন্ধ থাকায় যেসব স্থানীয় প্রকল্প আটকে ছিল, তাদের বিকল্প হিসেবে এই উদ্যোগ কার্যকর হতে পারে। ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ (amader para amader samadhan) মুখ্যমন্ত্রীর ডোরস্টেপ গভর্নেন্সের বাস্তব রূপ। এতে মানুষের সাথে সরকারের সরাসরি সংযোগ যেমন বাড়বে, তেমনই স্থানীয় স্তরের সমস্যাগুলি দ্রুত নিষ্পত্তি সম্ভব হবে।
আরও পড়ুন : SIR : বিহারে সংশোধিত ভোটার তালিকার খসড়া থেকে বাদ প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী তেজস্বীর নাম
