Zohran Mamdani: জেলবন্দি উমরকে হাতে লেখা চিঠি মামদানির! জামিনের দাবিতে এবার মোদী সরকারকে চিঠি মার্কিন সাংসদদের

Uncategorized

নিউজ পোল ব্যুরো: পাঁচ বছর ধরে কারাবন্দি ছাত্রনেতা উমর খালিদকে ঘিরে এবার আন্তর্জাতিক স্তরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। উমরের পাশে দাঁড়ালেন নিউ ইয়র্কের সদ্যনির্বাচিত মেয়র জোহরান মামদানি (Zohran Mamdani)। শুধু সমর্থন জানানোই নয়, জেলবন্দি ছাত্রনেতার উদ্দেশে নিজের হাতে লেখা একটি চিঠিও পাঠিয়েছেন তিনি। এই ঘটনার পরই ভারত সরকারকে চিঠি পাঠালেন আমেরিকার (America) মোট আটজন জনপ্রতিনিধি। তাঁদের স্পষ্ট দাবি, উমর খালিদকে জামিন দিতে হবে এবং আন্তর্জাতিক আইন মেনে স্বচ্ছ ও দ্রুত বিচারপ্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

আরও পড়ুন: Elon Musk : ইউটিউবের চেয়ে বেশি রোজগার! ক্রিয়েটরদের জন্য সুখবর এলন মাস্কের X হ্যান্ডেলে

জানা গিয়েছে, গত মাসে আমেরিকা সফরে গিয়েছিলেন উমর খালিদের বাবা সৈয়দ কাশিম রসুল ইলিয়াস এবং মা সাবিনা খানাম। সেই সফরকালেই তাঁরা একাধিক মার্কিন রাজনীতিকের সঙ্গে সাক্ষাৎ করেন। সূত্রের খবর, নিউ ইয়র্কের মেয়র নির্বাচিত হওয়ার পর মামদানির (Zohran Mamdani) সঙ্গে দীর্ঘ সময় কাটান উমরের বাবা-মা। সেই সময়েই উমরের প্রতি সহমর্মিতা জানিয়ে নিজের হাতে লেখা একটি চিঠি পাঠান মামদানি (Zohran Mamdani)। চিঠিতে তিনি লেখেন, “আমরা সবাই তোমার কথা ভাবি।” উমরের সঙ্গিনী সোশ্যাল মিডিয়ায় সেই চিঠির ছবি প্রকাশ করেন, যা দ্রুত ছড়িয়ে পড়ে।

মামদানির চিঠি প্রকাশ্যে আসার পরই জানা যায়, মার্কিন সেনেট ও কংগ্রেসের মোট আটজন জনপ্রতিনিধি আমেরিকায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত বিনয় কোত্রাকে চিঠি লিখেছেন। ওই চিঠিতে তাঁরা উল্লেখ করেন, পাঁচ বছরেরও বেশি সময় ধরে উমর খালিদ বিচারাধীন অবস্থায় জেলে বন্দি রয়েছেন। তাঁদের বক্তব্য, যুক্তিসঙ্গত সময়ের মধ্যে বিচার শেষ করা ভারতের দায়িত্ব এবং দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত অভিযুক্তের জামিন পাওয়া উচিত। দ্রুত ও স্বচ্ছ বিচার নিশ্চিত করতে ভারত সরকারের সক্রিয় ভূমিকারও দাবি জানানো হয়েছে।

উল্লেখ্য, ২০২০ সালের দিল্লি হিংসা মামলায় উমর খালিদ, শারজিল ইমাম-সহ একাধিক ব্যক্তি এখনও জেলবন্দি। তাঁদের বিরুদ্ধে ইউএপিএ ধারায় মামলা চলছে। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বারবার জামিনের আবেদন খারিজ হয়েছে। সম্প্রতি বোনের বিয়ের জন্য শর্তসাপেক্ষে অল্প সময়ের জামিন পেলেও ২৯ ডিসেম্বর ফের জেলে ফিরতে হয় উমরকে। এবার সেই ইস্যুতেই আন্তর্জাতিক মহল থেকে চাপ বাড়তে শুরু করল বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole