Tanya Mittal: ১৫০ দেহরক্ষীর গুজব ভাঙলেন তান্যা, বাস্তবটা কী? নিজেই জানালেন সত্যি কথা

পেজ 3

নিউজ পোল ব্যুরো: নিজেকে আধ্যাত্মিক নেটপ্রভাবী হিসেবে পরিচিত করে তুললেও, সম্প্রতি তান্যা মিত্তলকে ঘিরে তৈরি হয়েছে একের পর এক চর্চা। কখনও তাঁর বিলাসবহুল জীবনযাপন, কখনও আবার দাবি করা হয়েছে তাঁর চারপাশে নাকি সব সময় ১৫০ জন দেহরক্ষী ঘিরে থাকেন। এমনকী, বিশেষ ধরনের মিষ্টি খেতেও নাকি তিনি মাঝেমধ্যেই উড়ে যান দুবাই। এই সব গল্পে অবাক হয়েছিলেন নেটপাড়ার অনেকেই। অবশেষে নিজেই মুখ খুললেন তান্যা (Tanya Mittal)। সম্প্রতি নিজের ওষুধ তৈরির কারখানা ঘুরে দেখানোর সময় এক সাক্ষাৎকারে তান্যা স্পষ্ট করে জানান, ১৫০ দেহরক্ষীর গল্প সম্পূর্ণ ভুয়ো। তিনি বলেন, “আমি কখনও বলিনি যে আমার ১৫০ জন দেহরক্ষী আছে। এমন কোনও ভিডিয়োও কেউ দেখাতে পারবে না যেখানে আমি এমন দাবি করেছি।” তাঁর কথায়, এই বিষয়টি পুরোপুরি গুজব থেকে তৈরি হয়েছে এবং বাস্তবের সঙ্গে এর কোনও মিল নেই।

আরও পড়ুন:Border 2: নতুন বছরের জানুয়ারিতে বলিউডে ছবির হইচই, আলোচনার কেন্দ্রে ‘বর্ডার ২’

তান্যার মতে, এই বিভ্রান্তির সূত্রপাত হয়েছিল ‘বিগ বস্‌’ ঘরের একটি সাধারণ কথোপকথন থেকে। তিনি জানান, “জ়িশান মজা করে কিছু বলেছিল। আমি তখন বলেছিলাম, আমার সংস্থায় প্রায় ১৫০ জন কর্মী কাজ করেন। সেই কথাটাকেই ঘুরিয়ে দেহরক্ষী বলে ছড়িয়ে দেওয়া হয়।” ধীরে ধীরে সেই কথাই রটনা হয়ে যায় বলে দাবি তাঁর। তবে এটাও তিনি স্বীকার করেছেন যে, নিরাপত্তার জন্য তাঁর সঙ্গে ব্যক্তিগত দেহরক্ষী থাকেন, যদিও সংখ্যা তিনি প্রকাশ করেননি। তান্যা (Tanya Mittal) মূলত আধ্যাত্মিক কনটেন্ট ক্রিয়েটর হিসেবেই পরিচিত। পাশাপাশি ফ্যাশন ও বিউটি সংক্রান্ত বিষয়েও নিয়মিত কনটেন্ট তৈরি করেন তিনি। নিজস্ব ব্যবসা রয়েছে তাঁর, যার মাধ্যমে তিনি উল্লেখযোগ্য আয় করেন।

সম্প্রতি জানা গিয়েছে, তাঁর মাসিক আয় প্রায় ৬ লক্ষ টাকা এবং এখনও পর্যন্ত তাঁর মোট সম্পত্তির পরিমাণ প্রায় ২ কোটি টাকা ছুঁয়েছে।
‘বিগ বস্‌’ থেকে বেরিয়ে আসার পর বিনোদন দুনিয়াতেও ধীরে ধীরে পা রাখছেন তান্যা (Tanya Mittal)। অভিনয়ের প্রস্তাবও পাচ্ছেন বলে সূত্রের খবর। তবে তিনি নিজেই জানিয়েছেন, তাঁর জীবনের বেশির ভাগ গল্পই রটনা আর বাস্তবের ফারাক বোঝা জরুরি। সব মিলিয়ে, ১৫০ দেহরক্ষীর গল্প যে নিছকই গুজব, তা স্পষ্ট করে দিলেন তান্যা (Tanya Mittal) নিজেই। এখন দেখার, ভবিষ্যতে তাঁর জীবনের আর কোন অধ্যায় ঘিরে তৈরি হয় নতুন আলোচনা।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole