নিউজ পোল ব্যুরো: বলিউডে এখনও কি সমান কাজের জন্য সমান মজুরি নেই? সম্প্রতি এক অনুষ্ঠানে এই প্রশ্নই তুললেন অভিনেত্রী কৃতি শ্যানন (Kriti Sanon)। দীর্ঘ দিন ধরে ইন্ডাস্ট্রির অন্দরে চলে আসা লিঙ্গবৈষম্যের প্রসঙ্গ তুলে কৃতির স্পষ্ট বক্তব্য, “একই কাজ করলে বেতনও সমান হওয়া উচিত। পুরুষ বা মহিলা কোনও পার্থক্য থাকা উচিত নয়।”
আরও পড়ুন:Google Phone App Update: “ডায়াল প্যাড বদলে গেছে? ফোন হ্যাক নয়, গুগলের সারপ্রাইজ আপডেটেই চমক!”
অভিনেত্রীর দাবি, বলিউডে পুরুষকেন্দ্রিক ছবির তুলনায় নারীকেন্দ্রিক ছবির বাজেট বরাবরই কম ধরা হয়। এর মূল কারণ প্রযোজকদের সংশয়। তাঁদের ধারণা, নারীকেন্দ্রিক ছবি সমান ব্যবসা করতে পারবে না। আর সেই যুক্তিতেই অভিনেত্রীদের পারিশ্রমিক কমিয়ে দেওয়া হয়। কৃতির (Kriti Sanon) মতে, “এটা আসলে এক ধরনের চক্র। যেহেতু প্রযোজকেরা বাজেট কম রাখেন, তাই সিনেমার স্কেল ছোট হয়। ফলত ছবির আয়ও তুলনামূলক কম হয়। তার পর সেটাই প্রমাণ হিসেবে ব্যবহার করা হয় নারী অভিনীত ছবিতে ব্যবসার সম্ভাবনা কম।”
তবে সবটা এতটা হতাশাজনক নয়। কৃতি (Kriti Sanon) মনে করেন, ধীরে ধীরে হলেও পরিবর্তন আসছে ইন্ডাস্ট্রিতে। এখন বিষয়ভিত্তিক সিনেমা আগের চেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে, এবং দর্শকরাও গ্রহণ করছেন। অভিনেত্রীর আহ্বান, প্রযোজকেরা যেন ঝুঁকি নেন এবং নারীকেন্দ্রিক ছবির ক্ষেত্রেও বড় বাজেট রাখেন।
নিজের উদাহরণ টেনে কৃতি বলেন, ২০২৪ সালে মুক্তি পাওয়া ‘ক্রু’ (Crew) ছবিতে তিনজন অভিনেত্রী কৃতি শ্যানন, করিনা কপূর খান (Karina Kapoor Khan) ও তব্বু (Tabbu) ছিলেন মুখ্য চরিত্রে। প্রাথমিকভাবে অনেকে সন্দেহ করেছিলেন ছবিটি ব্যবসা করতে পারবে কি না। কিন্তু শেষ পর্যন্ত ‘ক্রু’ প্রায় ১৫৭ কোটি টাকার ব্যবসা করেছে। কৃতির মতে, এই ধরনের সাফল্যই প্রমাণ করে নারীকেন্দ্রিক ছবিও সমানভাবে দর্শক টানতে পারে, সমান আয় করতে পারে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
বলিউডের প্রথম সারির অভিনেত্রী হয়ে ওঠার পথে একাধিক প্রতিকূলতা সামলাতে হয়েছে কৃতিকে। তবে তিনি আশাবাদী। তাঁর দাবি, “পরিবর্তন আসছে। ধীরে ধীরে হলেও সমান সুযোগ আর সমান পারিশ্রমিকের পথে এগোচ্ছে ইন্ডাস্ট্রি। তবে সেই পরিবর্তনকে দ্রুততর করতে হলে প্রযোজকদেরও মানসিকতার বদল ঘটাতে হবে।”
