Chanchal Chowdhury: ‘স্বার্থপর’ দেখে আবেগে ভেসে গেলেন চঞ্চল চৌধুরী, বললেন— “আমি নিজেও কেঁদেছি”

পেজ 3

নিউজ পোল ব্যুরো: ভাই-বোনের সম্পর্কের টানাপোড়েন ও মমতার গল্প নিয়ে পরিচালক অন্নপূর্ণা বসু-এর নতুন ছবি ‘স্বার্থপর’ ইতিমধ্যেই দর্শকদের মন জয় করেছে। ছবিতে কোয়েল মল্লিক ও কৌশিক সেন অভিনয় করেছেন মুখ্য চরিত্রে। ভাইফোঁটার আবহে মুক্তি পাওয়া এই পারিবারিক ড্রামা এবার প্রশংসা পেল ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী-র (Chanchal Chowdhury) কাছ থেকেও।

আরও পড়ুন: Malaika Arora: বয়স নিয়ে নতুন বিতর্ক, পঞ্চাশে পা দিয়েও আলোচনার কেন্দ্রে মলাইকা

সম্প্রতি দক্ষিণ কলকাতার এক মাল্টিপ্লেক্সে অনুষ্ঠিত হয়েছিল ‘স্বার্থপর’-এর বিশেষ প্রদর্শনী। সেখানে হাজির ছিলেন টলিউডের একাধিক তারকা— দেব, জিৎ, প্রসেনজিৎ, যশ-নুসরত, অঙ্কুশ-ঐন্দ্রিলা, রাজ চক্রবর্তীসহ আরও অনেকে। সেই বিশেষ স্ক্রিনিংয়ে উপস্থিত ছিলেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীও (Chanchal Chowdhury)। পুরো ছবিটি মন দিয়ে দেখে তিনি শেষে আবেগাপ্লুত হয়ে পড়েন।

সিটি সিনেমার শেয়ার করা এক ভিডিওতে দেখা যায়, চোখে জল নিয়ে চঞ্চল বলেন, “আমার খুব ভালো লেগেছে ছবিটা। আমি নিজেও কেঁদেছি। আমার চোখটা ভিজে গেছে। কৌশিকদা, কোয়েলদির অভিনয় অসাধারণ। ছোটবেলা থেকেই আমি রঞ্জিত মল্লিকের ভক্ত। আজ আবার তাঁর পরিবারের সদস্যদের এমন অভিনয় দেখে মুগ্ধ হলাম।”

চঞ্চলের মতে, ‘স্বার্থপর’ শুধু ভাই-বোনের সম্পর্ক নয়, এটি এক আবেগঘন পারিবারিক গল্প, যা সমাজের প্রতিটি মানুষের জীবনের সঙ্গে মিশে আছে। তিনি বলেন, “এই ধরনের ছবির খুব প্রয়োজন। নারী-পুরুষের আবেগ, অধিকার, সম্পর্ক— সব কিছুই সুন্দরভাবে উঠে এসেছে। এগুলো আমাদের গল্প, পরিবারের গল্প।”

এর আগে ছবিটি দেখে প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন পরিচালক রাজ চক্রবর্তীও। তিনি লিখেছিলেন, “‘স্বার্থপর’ দেখে বেরোলাম, চোখ ভিজে আছে এখনও। অসাধারণ একটি গল্প, নিখুঁত চিত্রনাট্য, দারুণ পরিচালনা ও অভিনয়। বিশেষ করে কোয়েল মল্লিক প্রত্যেক ফ্রেমে চরিত্রটিকে প্রাণ দিয়েছেন। কৌশিক সেনের সঙ্গে তাঁর টানাপোড়েনই ছবির প্রাণ।” রাজ আরও উল্লেখ করেন রঞ্জিত মল্লিক ও অনির্বাণ চক্রবর্তীর শক্তিশালী উপস্থিতি এবং ছবির হৃদয়স্পর্শী সঙ্গীতকে।

পরিচালক অন্নপূর্ণা বসুর প্রথম বড় ছবি হিসেবেই ‘স্বার্থপর’ সমালোচক ও দর্শক— উভয়ের কাছেই প্রশংসিত হচ্ছে। ভাইফোঁটার পটভূমিতে তৈরি এই আবেগঘন গল্পে ভালোবাসা, অভিমান আর সম্পর্কের সূক্ষ্ম টানাপোড়েনের ছোঁয়া দর্শকদের মনে গভীর ছাপ ফেলেছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@thenewspole