নিউজ পোল ব্যুরো: ঋতুপর্ণ ঘোষ পরিচালিত ‘উৎসব’ ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দুই প্রজন্মের দুই অভিনেত্রী—ঋতুপর্ণা সেনগুপ্ত ও মমতা শঙ্করকে। সেই সময় দর্শক মুগ্ধ হয়েছিলেন তাঁদের পর্দার রসায়নে। এরপর বহু বছর কেটে গিয়েছে, আর একসঙ্গে তাঁদের দেখা যায়নি কোনও ছবিতে। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটাতে চলেছেন পরিচালক অনুপ দাস। তাঁর নতুন ছবি ‘রেখা’ (Rekha)–তেই ফের একসঙ্গে পর্দায় ফিরছেন এই দুই তারকা।
আরও পড়ুন:Rashmika Mandana: সাত বছরের প্রেম, গোপন বাগ্দান, এবার বিয়ের প্রস্তুতি? সম্পর্কে খোলামেলা রশ্মিকা
জানা গিয়েছে, সিনেমায় নামভূমিকায় অর্থাৎ ‘রেখা’ (Rekha) চরিত্রে অভিনয় করছেন মমতা শঙ্কর। অন্যদিকে, ঋতুপর্ণা সেনগুপ্ত থাকছেন তাঁর পরিচারিকা ‘বুলি’র ভূমিকায়। সম্পর্কের সূক্ষ্ম বন্ধন, প্রজন্মের ফারাক, একাকিত্ব ও নির্ভরতার মতো সূক্ষ্ম আবেগকে ঘিরেই এগোবে ছবির গল্প। অনেকটাই ‘বাড়িওয়ালি’ সিনেমার আবহ মনে করিয়ে দেবে এই চলচ্চিত্র।
ছবির গল্পের কেন্দ্রে একটি বড় বাড়িতে বসবাসরত একা এক নারী, রেখা। জীবনের শেষপ্রান্তে এসে তাঁর একমাত্র ভরসা পরিচারিকা বুলি। তাঁদের এই সম্পর্কের ভেতরে লুকিয়ে আছে যত্ন, অভিমান ও ভালোবাসা—যা কখনও মা-মেয়ের মতো, কখনও আবার বন্ধুর মতো। পরিচালক অনুপ দাসের কথায়, “এই ছবির মাধ্যমে দুই প্রজন্মের দুই নারী চরিত্রের ভেতরে যে মানসিক টানাপোড়েন ও নির্ভরতা আছে, সেটাই আমি ধরতে চেয়েছি।”
এই ছবিতে আরও অভিনয় করছেন সায়ন মুন্সি, যিনি ‘ডিয়ার মা’ ছবিতে তাঁর অভিনয়ের জন্য প্রশংসা কুড়িয়েছেন। এছাড়াও, রিয়া সেনকেও দেখা যাবে একটি গুরুত্বপূর্ণ ভূমিকায়। ফলে তারকাবহুল এই সিনেমা নিয়ে ইতিমধ্যেই দর্শকমহলে উত্তেজনা তৈরি হয়েছে।
পরিচালক অনুপ দাস জানিয়েছেন, প্রথমে রেখা চরিত্রটির জন্য বেছে নেওয়া হয়েছিল অভিনেত্রী নাফিসা আলিকে। কিন্তু বর্তমানে তিনি মারণ রোগের সঙ্গে লড়াই করছেন বলে সেই চরিত্রে অভিনয় সম্ভব হয়নি। তাই শেষ পর্যন্ত মমতা শঙ্করকে কাস্ট করা হয়।
২০২৫ সাল ঋতুপর্ণা সেনগুপ্তের কর্মজীবনের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ বছর হয়ে উঠেছে। এই বছরেই মুক্তি পেয়েছে তাঁর একের পর এক ছবি—‘পুরাতন’, ‘ম্যাডাম সেনগুপ্ত’, ‘গুডবাই মাউন্টেন’ ও ‘বেলা’। এরই মধ্যে নতুন ছবি ‘রেখা’-র শুটিং শুরু হওয়া তাঁর অনুরাগীদের কাছে বড় চমক।
অন্যদিকে, প্রবীণ অভিনেত্রী মমতা শঙ্করকে গত বছর ‘বিজয়ার পরে’ ছবিতে দেখা গিয়েছিল স্বস্তিকা মুখোপাধ্যায়ের সঙ্গে। এবার বছর ঘুরতেই আবারও এক নতুন চরিত্রে ফিরছেন তিনি।
দুই প্রজন্মের দুই শক্তিশালী অভিনেত্রীর উপস্থিতিতে ‘রেখা’ নিঃসন্দেহে দর্শকের জন্য হয়ে উঠবে এক আবেগঘন সিনেমা–যা হয়তো আবারও ফিরিয়ে আনবে ‘উৎসব’-এর মিষ্টি নস্টালজিয়া।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@thenewspole
