নিউজ পোল ব্যুরো: বলিউড অভিনেতা গোবিন্দ (Govinda) এবং তাঁর স্ত্রী সুনীতা আহুজার সম্পর্ক বরাবরই চর্চার বিষয়। দীর্ঘ ৩৮ বছরের দাম্পত্যজীবনে তাঁদের সম্পর্ক নিয়ে একাধিক জল্পনা, মনোমালিন্য এবং বিচ্ছেদের গুঞ্জন শোনা গেলেও শেষ পর্যন্ত তাঁরা নিজেদের মতো করেই সংসার সামলে এসেছেন। তবে সম্প্রতি সুনীতার একটি মন্তব্য নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। প্রায় ২৫ কোটি টাকার সম্পত্তির মালিক সুনীতা জানিয়ে দিয়েছেন, তাঁর অবর্তমানে সেই সম্পত্তির উত্তরাধিকারী কে হতে চলেছে।
আরও পড়ুন: Neetu Kapoor: বিদেশি ডায়েট নয়, ভরসা দেশি খাবারে! কী ভাবে নিজেকে এত ফিট রাখেন নীতু কপূর?
১৯৮৭ সালের ১১ মার্চ গোবিন্দ (Govinda) এবং সুনীতা বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাঁদের দুই সন্তান— টিনা আহুজা এবং যশবর্ধন আহুজা। তবে বহু বছর ধরেই তাঁরা এক ছাদের তলায় থাকেন না। গোবিন্দ নিজের বাংলোয় থাকলেও, রাস্তার উল্টো দিকের একটি চার কামরার ফ্ল্যাটে ছেলে-মেয়েকে নিয়ে বসবাস করেন সুনীতা।
বিভিন্ন সাক্ষাৎকারে স্বামীর প্রসঙ্গে অকপট মন্তব্য করতে দেখা গিয়েছে তাঁকে। একবার তিনি জানিয়েছিলেন, গোবিন্দ একজন ভালো মানুষ, ভালো ছেলে এবং ভালো ভাই হলেও স্বামী হিসেবে তিনি সুনীতার প্রত্যাশা পূরণ করতে পারেননি। তাঁর কথায়, তিনি ঘুরতে যেতে, পার্টি করতে এবং জীবন উপভোগ করতে ভালোবাসেন, অথচ গোবিন্দ অধিকাংশ সময় পরিবার ও কাজের দায়িত্ব নিয়েই ব্যস্ত থেকেছেন।
বর্তমানে ছেলে যশবর্ধনের অভিনয়জগতে প্রতিষ্ঠা পাওয়ার স্বপ্ন দেখেন সুনীতা। অন্যদিকে মেয়ে টিনা মডেলিং এবং রিয়্যালিটি শোয়ের মাধ্যমে নিজের পরিচিতি তৈরি করছেন। গয়নার প্রতিও তাঁর বিশেষ দুর্বলতা রয়েছে। বিভিন্ন সময়েই সেই শখের কথা প্রকাশ্যে জানিয়েছেন তিনি। এমনকি দীপাবলিতে স্বামীর কাছ থেকে পাওয়া সোনার হার নিয়েও আলোচনা হয়েছিল।
তবে সবচেয়ে বেশি চর্চার বিষয় হয়ে ওঠে তাঁর সম্পত্তি সংক্রান্ত মন্তব্য। সম্প্রতি আলোকচিত্রীদের সঙ্গে কথোপকথনের সময় সুনীতা জানান, তাঁর প্রায় ২৫ কোটি টাকার সম্পত্তি নাকি পাবে তাঁর আদরের পোষ্য চিহুয়াহুয়া কুকুরটি। এই মন্তব্য শুনে উপস্থিত অনেকেই অবাক হয়ে যান।
সেই সময় কেউ কেউ তাঁর ভাগ্নে কৃষ্ণ অভিষেকের প্রসঙ্গ তোলেন। কারণ, সুনীতা একাধিকবার বলেছেন যে কৃষ্ণ তাঁর নিজের সন্তানের মতোই। কিন্তু তাতেও তিনি মজার ছলে বলেন, কৃষ্ণের জীবনে অনেক কিছুই রয়েছে এবং ঈশ্বর তাঁকে আরও দেবেন।
অনুরাগীদের একাংশের মতে, সুনীতার এই মন্তব্য নিছকই রসিকতা। কারণ, তিনি বরাবরই হাস্যরসের মাধ্যমে নিজের কথা বলতে ভালোবাসেন। তা সত্ত্বেও তাঁর এই বক্তব্য সোশ্যাল মিডিয়ায় বেশ শোরগোল ফেলেছে। সত্যিই কি প্রিয় পোষ্যই হয়ে উঠবে কোটি টাকার সম্পত্তির উত্তরাধিকারী, নাকি এর নেপথ্যে লুকিয়ে রয়েছে সুনীতার স্বভাবসিদ্ধ মজার ছল— সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে বলিপাড়ার অন্দরে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@thenewspole
