শুভদীপ বন্দ্যোপাধ্যায়
বলিউডজয়ী বঙ্গতনয়দের মধ্যে প্রথমেই যাঁর নাম আসে তিনি মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। হেমন্ত মুখোপাধ্যায়, সলিল চৌধুরী বা অশোক কুমার অনেকে তাঁর পূর্বসুরীরা থাকলেও, মিঠুন যেন সর্বস্তরে জনপ্রিয়। মহাগুরুর (Mahaguru) এটাই ম্যাজিক।
‘ডিস্কো ডান্সার’ (Disco Dancer) রূপে মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) সকলের কাছে আজও আইকনিক। কিন্তু এই ডিস্কো ইমেজ ছেড়েই নয়ের দশকে মহাপুরুষ শ্রীরামকৃষ্ণ (Ramkrishna Dev) চরিত্রে অবতীর্ণ হন মিঠুন। এমন এক মনীষীর চরিত্র করছেন বলে মিঠুনকে হতে হয়েছিল তীব্র সমালোচিত, হতে হয়েছিল তীব্র কটাক্ষের শিকার। কিন্তু সব সমালোচনা পার করে মিঠুন শ্রীরামকৃষ্ণ রূপে জিতে নেন শ্রেষ্ঠ সহ অভিনেতার জাতীয় পুরস্কার (National Award)। ছবির নাম ‘স্বামী বিবেকানন্দ’ (Swami Vivekananda)।

২৫ বছর পার করেছে ঐতিহাসিক ছবি, ‘স্বামী বিবেকানন্দ’।
এই ছবির কোনও হল রিলিজ হয়নি সে সময়। নয়ের দশকে সর্বাধিক আলোচিত ছবির মধ্যে ছিল এটি।
বহু আগেই এই ছবির শ্যুটিং শেষ হয়ে গিয়েছিল। কিন্তু তীব্র সমালোচনার পাহাড় পার করে ছবিটির আর প্রেক্ষাগৃহে শুভমুক্তি ঘটেনি। ছবির দৈর্ঘ্য ছিল চার ঘণ্টা। ১৯৯৮ সালের স্বাধীনতা দিবসের দিন দুপুরে দূরদর্শনে মুক্তি পেল, ‘স্বামী বিবেকানন্দ’। ১৯৯৮ সালের ১৫ অগস্ট। দেশজুড়ে দূরদর্শনে প্রথম প্রিমিয়ার হয় ‘স্বামী বিবেকানন্দ’ ছবির। সে বছর ছিল ভারতবর্ষের ৫০ তম স্বাধীনতা দিবস উদযাপন বছর। এই ছবি দিয়ে দূরদর্শন বড় চমক দেয় দেশবাসীকে।
দক্ষিণী পরিচালক জি ভি আইয়ার ‘স্বামী বিবেকানন্দ’ ছবিটি পরিচালনা করেন। স্বামীজির ভূমিকায় অভিনয় করে সাড়া ফেলে দেন সর্বদমন বন্দ্যোপাধ্যায় (Sarvadaman Banerjee)।
এই ছবি ছিল তারকাখচিত। শ্রীরামকৃষ্ণ মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty), সারদা মা দেবশ্রী রায় (Debasree Roy), দক্ষিণা কালী হেমা মালিনী (Hema Malini), নরেনের বাবা প্রদীপ কুমার, নরেনের মা তনুজা। নর্তকীর ভূমিকায় জয়া প্রদা থেকে মীনাক্ষী শেষাদ্রিরা অভিনয় করেন। ছবিতে দুর্দান্ত সঙ্গীত পরিচালনা করেছিলেন সলিল চৌধুরী। গান গেয়েছিলেন আশা ভোঁসলে, যেশুদাস, অনুপ জালোটা, কবিতা কৃষ্ণমূর্তি, অন্তরা চৌধুরী।

সর্বাধিক যা চর্চায় ছিল মিঠুন চক্রবর্তীর রামকৃষ্ণ হওয়া। প্রথমে মিঠুনকে তীব্র কটাক্ষর সম্মুখীন হতে হলেও তিনি অভিনয়ে যেন একশো ভাগ শ্রীরামকৃষ্ণকে ধারণ করেন নিজ শরীরে। সারা শ্যুটিং পর্ব হবিষ্যি করে খেয়েছিলেন মিঠুন। শেষমেষ তিনি জিতে নেন শ্রেষ্ঠ সহ-অভিনেতার জাতীয় পুরস্কার। কারণ ‘স্বামী বিবেকানন্দ’ ছবির হিরো ছিলেন সর্বদমন বন্দ্যোপাধ্যায়। মিঠুন রামকৃষ্ণ রূপে সহ-অভিনেতা। তাই পুরস্কারও পান শ্রেষ্ঠ সহ-অভিনেতার জাতীয় পুরস্কার (National Award)। মিঠুনকে রামকৃষ্ণর জন্য জাতীয় পুরস্কারে নির্বাচন করেন জুরি বোর্ডে থাকা শ্রদ্ধেয় পরিচালক হৃষিকেশ মুখোপাধ্যায়।

