ঘূর্ণিঝড় অর্ণবের ল্যান্ডফলের পরেও দুর্যোগের আশঙ্কা,কলকাতা-সহ একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা

আবহাওয়া

নিউজপোল ব্যুরো: ঘূর্ণিঝড় ‘অর্ণব’ এর তান্ডব অন্ধ্রপ্রদেশ উপকূলবর্তী এলাকায়। যদিও স্থলভাগে প্রবেশের পর ধীরে ধীরে শক্তি হারানোর ইঙ্গিত মিলছে।আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী ঘূর্ণিঝড় দুর্বল হলেও তার প্রভাব পুরোপুরি কাটতে সময় লাগতে পারে। তাই আগামী কয়েক দিন বাংলার বিভিন্ন জেলার আবহাওয়ার দিকে নজর রাখছে হাওয়া অফিস।

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী কয়েক দিনে উত্তরবঙ্গেও বাড়তে পারে বৃষ্টির দাপট। বুধবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের কয়েকটি এলাকায় ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়াও বইতে পারে।

বৃহস্পতিবার বাংলায় বৃষ্টির সম্ভাবনা নেই। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টি হতে পারে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার কালিম্পং ও আলিপুরদুয়ারেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। পাহাড়ি এলাকায় অতিবৃষ্টির কারণে ধস নামার আশঙ্কাও রয়েছে।

বুধবার বেলা বাড়ার আগেই অন্ধ্রপ্রদেশের বাপটলা ও বিশাখাপত্তনমের মধ্যবর্তী উপকূলে আছড়ে পড়ার পূর্বাভাস রয়েছে। ল্যান্ডফলের সময় ঝড়ের গতিবেগ ঘণ্টায় ১২৫ থেকে ১৩৫ কিলোমিটার হতে পারে। দমকা হাওয়ার গতি পৌঁছতে পারে ১৫০ কিলোমিটারে। অন্ধ্রপ্রদেশ, ওডিশা-সহ একাধিক রাজ্যে জারি হয়েছে লাল সতর্কতা।