প্যাচপ্যাচে অস্বস্তিতে পুড়ছে তিলোত্তমা! দক্ষিণবঙ্গের ৮ জেলায় ঝড়-বৃষ্টির অ্যালার্ট, উত্তরের ৫ জেলায় চরম বর্ষণ

আবহাওয়া কলকাতা রাজ্য

নিউজপোল ব্যুরো: ঝরঝরে বৃষ্টির বদলে ঘাম প্যাচপ্যাচে অস্বস্তিতে নাজেহাল হচ্ছেন শহরবাসী। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী চব্বিশ ঘণ্টায় কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে এবং শহরের দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ তিলোত্তমার পারদ সর্বোচ্চ ৩৩ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করবে। বৃষ্টির বিরাম থাকলেও আর্দ্রতাজনিত অস্বস্তি এখনই পিছু ছাড়ছে না।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বর্ষণ হতে পারে। এর মধ্যে দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, দুই বর্ধমান, বাঁকুড়া, বীরভূম এবং মুর্শিদাবাদ—এই ৮টি জেলায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়ার পাশাপাশি বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো বৃষ্টির বড় আশঙ্কা রয়েছে। এই দুর্যোগের কথা মাথায় রেখে দক্ষিণবঙ্গের সংশ্লিষ্ট জেলাগুলোর জন্য হলুদ সতর্কতা (Yellow Alert) জারি করেছেন আবহাওয়াবিদরা।

অন্যদিকে উত্তরবঙ্গে বর্ষার দাপট কমার কোনো লক্ষণই নেই, বরং তা আরও তীব্র রূপ নিতে চলেছে। আলিপুরদুয়ার, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি এবং দার্জিলিং—এই পাঁচ পাহাড়ি ও সংলগ্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির (৭ থেকে ২০ সেমি) জোরালো সম্ভাবনা রয়েছে। পরিস্থিতি খারাপ হওয়ার আশঙ্কায় সেখানে কমলা সতর্কতা (Orange Alert) ঘোষণা করা হয়েছে। পাশাপাশি উত্তর দিনাজপুরের দু-এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনায় জারি রয়েছে হলুদ সতর্কতা। ফলে পাহাড়ি এলাকায় ধস ও নদীগুলোর জলস্তর বাড়ার আশঙ্কা আবার মাথাচাড়া দিচ্ছে।