যন্তর মন্তরের আন্দোলনের আঁচে নড়েচড়ে বসল দিল্লি, পরীক্ষা জালিয়াতি ঠেকাতে ক্যাবিনেট বৈঠকের আগেই প্রধানমন্ত্রীর কড়া বার্তা

অপরাধ আইন দেশ রাজনীতি রাজ্য শিক্ষা

নিউজপোল ব্যুরো: পরীক্ষা জালিয়াতি আর প্রশ্নফাঁসের কালো ছায়া কাটাতে এবার সবথেকে বড় পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্র সরকার। হাজার হাজার পরীক্ষার্থী ও অভিভাবকদের দুশ্চিন্তা দূর করতে কঠোর থেকে কঠোরতম আইনি ব্যবস্থার বার্তা দিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার রাতে নিজের এক্স (X) হ্যান্ডেলে প্রকাশিত একটি ভিডিও বার্তায় তিনি স্পষ্ট জানান, প্রশ্নফাঁস কোনো সাধারণ অপরাধ নয়, এটি কোটি কোটি যুবকের ভবিষ্যতের সঙ্গে ছিনিমিনি খেলা। এই দুর্নীতির শিকড় উপড়ে ফেলতে শুক্রবারের কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে বিশেষ আলোচনা হবে এবং খুব শীঘ্রই সংসদে আসতে চলেছে এক কড়া বিল!

ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী আশ্বাস দিয়ে জানান, গত কয়েক মাসে এই অপরাধচক্রের সাথে যুক্ত একাধিক মূল পাণ্ডাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের ঠাঁই হয়েছে হাজতে। সরকারের মূল লক্ষ্য হলো, কোনো অবস্থাতেই যেন ছাত্রছাত্রীদের একটি মূল্যবান শিক্ষাবর্ষ নষ্ট না হয়। সেই কারণেই যথাসম্ভব দ্রুত এবং স্বচ্ছতার সঙ্গে পুনঃপরীক্ষা করিয়ে নেওয়ার প্রক্রিয়ায় জোর দেওয়া হচ্ছে।

অন্যদিকে, দীর্ঘদিনের রাজনৈতিক অচলাবস্থা কাটানোর ইঙ্গিতও মিলছে জোরকদমে। সূত্রের খবর, যন্তর মন্তরে টানা বিক্ষোভ চালিয়ে যাওয়া কররোচ জনতা পার্টি (CJP)-র এক প্রতিনিধি দল শুক্রবার দুপুরে সরকারি মন্ত্রীদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে চলেছে। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা এবং শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কারের দাবিতে বেশ কিছুদিন ধরেই অনড় অবস্থান নিয়েছিল তারা। হুপ্রতীক্ষিত NEET বিতর্কের জল হয়তো এবার কোন নতুন দিকে মোড় নিতে চলেছে এখন সেদিকেই নজর।