৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সাথে ভারী দুর্যোগের আশঙ্কা, শহর কলকাতায় ভ্যাপসা গরমের মাঝেই নামছে তুমুল বৃষ্টি!

আবহাওয়া কলকাতা রাজ্য শহর

নিউজপোল ব্যুরো: সাতসকালে ঘুম ভাঙতেই মেঘলা আকাশ, আর বেলা বাড়তেই ঝেঁপে নামতে পারে তুমুল বৃষ্টি! ছুটির মেজাজে উইকেন্ড শুরুর আগেই রাজ্যজুড়ে বড় সতর্কবার্তা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। কলকাতা থেকে উত্তরবঙ্গ— শুক্রবার দিনভর কালঘাম ছুটিয়ে ভিজবে প্রায় সবকটি জেলাই। মেঘলা আকাশের কারণে বৃষ্টি হলেও শহরজুড়ে বজায় থাকবে ভ্যাপসা ও গুমোট গরম। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঘোরাফেরা করবে।

দক্ষিণবঙ্গের পরিস্থিতি নিয়ে রীতিমতো আশঙ্কার মেঘ জমাট বাঁধছে। কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি থেকে শুরু করে দুই মেদিনীপুর, বর্ধমান, ঝাড়গ্রাম, বীরভূম ও পুরুলিয়ায় দিনভর বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। বিপদের আশঙ্কা থাকায় দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হলুদ সতর্কতা বা ‘ইয়েলো অ্যালার্ট’ জারি করেছে হাওয়া অফিস। কোথাও কোথাও এক বা দুই পশলা মুষলধারে ভারী বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

একই ছবি ধরা পড়বে উত্তরবঙ্গেও। পাহাড় ও সমতল— সর্বত্রই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। পাহাড়ি এলাকায় ইতিমধ্যেই ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। তবে স্বস্তির খবর এটাই যে, শনিবার থেকে দক্ষিণবঙ্গে ঝড়ের তাণ্ডব কিছুটা কমবে। তবে সাময়িক স্বস্তি মিললেও আগামী সপ্তাহের বুধবার থেকে ফের দক্ষিণের চার জেলায় ভারী বৃষ্টির দুর্যোগ ফিরতে পারে।