বীরভূমে আক্ষরিক অর্থেই বেরোচ্ছে টাকার পাহাড়, জাল DCR কাণ্ডে বীরভূমের টুলুর মোট ১৩৫ কোটি ৫০ লাখ জব্দ করল পুলিশ

breakingnews অপরাধ আইন রাজনীতি রাজ্য

নিউজপোল ব্যুরো: বীরভূমের পাথর ব্যবসায়ী মহম্মদ নাজিবুদ্দিন ওরফে টুলু মণ্ডলকে ঘিরে তদন্তে প্রতিদিনই সামনে আসছে নতুন নতুন তথ্য। এবার তদন্তকারীদের হাতে এসেছে আরও বড় সাফল্য। পুলিশ সূত্রে জানা গিয়েছে, টুলু মণ্ডলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে থাকা আরও ৪২ কোটি ৫০ লক্ষ টাকা ফ্রিজ করা হয়েছে। এর ফলে তাঁর নামে ফ্রিজ হওয়া মোট টাকার পরিমাণ বেড়ে দাঁড়াল ১৩৫ কোটি ৫০ লক্ষ টাকা। এই বিপুল অঙ্কের টাকা ফ্রিজ হওয়ার পর তদন্তে নতুন গতি এসেছে বলে মনে করা হচ্ছে।

এর আগেই টুলু মণ্ডলের কাছ থেকে নগদ টাকা, সোনা এবং আরও একাধিক মূল্যবান জিনিস বাজেয়াপ্ত করা হয়েছিল। তদন্তকারীদের দাবি, এখনও অনুসন্ধান চলছে। তাই আগামী দিনে আরও সম্পত্তি বা অর্থের খোঁজ মিলতে পারে বলেই অনুমান করা হচ্ছে। সেই কারণেই গোটা ঘটনায় নজর রয়েছে প্রশাসনের।

শুধু ব্যাঙ্ক অ্যাকাউন্ট নয়, মহম্মদ বাজার এলাকার একটি বড় পার্কিং লট ঘিরেও সামনে এসেছে চাঞ্চল্যকর তথ্য। সেখানে সারি সারি ডাম্পার, ট্রাক, রোড রোলার এবং বিপুল পরিমাণ বালি ও স্টোন চিপস মজুত রয়েছে। কয়েক বিঘা জমি জুড়ে থাকা এই জায়গায় ছোট ছোট অফিসঘরও রয়েছে। তদন্তে অভিযোগ উঠেছে, এই অফিসগুলির একটিতে নকল DCR ছাপানোর কাজ চলত। যদিও এই অভিযোগের পূর্ণ সত্যতা এখনও তদন্ত করে দেখা হচ্ছে। পুলিশ আরও জানিয়েছে, ওই পার্কিং লটের ভিতরেই একটি সাজানো বেডরুম ছিল। তদন্তকারীদের দাবি, দিনের অনেকটা সময় টুলু মণ্ডল সেখানেই কাটাতেন। ইতিমধ্যেই ওই পার্কিং লটে থাকা একাধিক ডাম্পার ও ভারী গাড়ি বাজেয়াপ্ত করেছে মহম্মদ বাজার থানার পুলিশ। প্রতিটি গাড়ির কাগজপত্রও খতিয়ে দেখা হচ্ছে।