নিউজপোল ব্যুরো: অমরনাথ যাত্রার মধ্যেই জঙ্গিদের টার্গেটেড হামলায় প্রাণ হারালেন দুই পরিযায়ী শ্রমিক। শুক্রবার সন্ধ্যায় জম্মু-কাশ্মীরের কুলগাম জেলার কেল্লাম এলাকায় এই হামলার ঘটনা ঘটে। নিহত দুই শ্রমিক ছত্তীসগড়ের বাসিন্দা বলে জানা গিয়েছে। এই ঘটনার পর গোটা এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। নিরাপত্তা বাহিনী দ্রুত এলাকা ঘিরে ফেলে জোরদার তল্লাশি শুরু করেছে।
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, দুই শ্রমিক একটি ইটভাটায় কাজ করতেন। সেই সময় কয়েকজন সশস্ত্র জঙ্গি সেখানে পৌঁছে তাঁদের পরিচয় জানতে চায়। এরপর খুব কাছ থেকে গুলি চালানো হয়। ঘটনাস্থলেই গুরুতর জখম হন দু’জন। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে দীপক রাত্রের মৃত্যু হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারান ভূপেন্দ্র কুমারও। এই ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। গোয়েন্দাদের মতে, হামলার ধরন অনেকটাই পহেলগাঁওয়ের আগের জঙ্গি হামলার মতো। পরিচয় যাচাই করে নির্দিষ্ট মানুষকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলেই সন্দেহ। হামলার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবা বলে নিরাপত্তা সূত্রের দাবি। যদিও তদন্ত এখনও চলছে এবং সব দিক খতিয়ে দেখা হচ্ছে।
ঘটনার পরই কুলগাম ও আশপাশের বিস্তীর্ণ এলাকায় শুরু হয়েছে বড়সড় কর্ডন অ্যান্ড সার্চ অপারেশন (CASO)। সেনা, জম্মু-কাশ্মীর পুলিশ এবং আধাসামরিক বাহিনী যৌথভাবে জঙ্গিদের খোঁজে অভিযান চালাচ্ছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। এটি গত ১০ দিনের মধ্যে দ্বিতীয় টার্গেটেড জঙ্গি হামলা। এর আগে অনন্তনাগে এক পুলিশকর্মীকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছিল। সেই ঘটনার পর থেকেই উপত্যকাজুড়ে কড়া নজরদারি চলছে। বহু সন্দেহভাজনকে আটক করে জিজ্ঞাসাবাদও করা হয়েছে। তবে এই ধরনের ধারাবাহিক হামলা নতুন করে উদ্বেগ বাড়িয়েছে।
এদিকে অমরনাথ যাত্রা চলায় নিরাপত্তা নিয়ে কোনও ঝুঁকি নিতে চাইছে না প্রশাসন। অতিরিক্ত আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে এবং গুরুত্বপূর্ণ এলাকায় নজরদারি আরও বাড়ানো হয়েছে। নিরাপত্তা বাহিনীর দাবি, হামলাকারীদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তারের জন্য সর্বাত্মক অভিযান চলছে। এই ঘটনায় আবারও প্রশ্ন উঠছে—কাশ্মীরে কি ফের সক্রিয় হয়ে উঠছে জঙ্গি নেটওয়ার্ক? নিরীহ পরিযায়ী শ্রমিকদের উপর এমন হামলা শুধু মানবিক বিপর্যয় নয়, নিরাপত্তা ব্যবস্থার সামনেও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এখন সবার নজর তদন্তের অগ্রগতি এবং হামলাকারীদের গ্রেপ্তারের দিকে।
