মঙ্গল থেকে বৃহস্পতিবার—দক্ষিণবঙ্গের কপালে শনির দশা! ৪ অগস্ট থেকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা

আবহাওয়া কলকাতা রাজ্য

নিউজপোল ব্যুরো: আজ ১ আগস্ট শনিবার এবং আগামীকাল ২ অগস্ট রবিবার জেলাজুড়ে হালকা থেকে মাঝারি ছাঁটের বর্ষণ হতে পারে। সঙ্গে কোথাও কোথাও হতে পারে বজ্রবিদ্যুৎ-সহ ছোটখাটো ঝড়বৃষ্টি। সোমবার ৩ অগস্ট পর্যন্ত আবহাওয়া অনেকটা এই একই রকম থাকবে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। তবে কাজের সপ্তাহের শুরুতেই এই স্বস্তি উবে গিয়ে শুরু হতে চলেছে ভারী বৃষ্টির দাপট।

হাওয়া অফিসের সাম্প্রতিক আপডেট অনুযায়ী, ৪ অগস্ট মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির মাত্রা একধাক্কায় অনেকটা বেড়ে যাবে। মঙ্গলবার থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় জারি করা হচ্ছে হলুদ সতর্কতা। বিশেষ করে বীরভূম, মুর্শিদাবাদ এবং পশ্চিম বর্ধমানের মতো জেলাগুলিতে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত মুষলধারে বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা। মঙ্গলবার থেকে শুরু হওয়া এই ভারী বর্ষণের ধারা চলবে ৫ এবং ৬ অগস্ট, অর্থাৎ বুধ ও বৃহস্পতিবার পর্যন্ত। এই দু’দিনও দক্ষিণবঙ্গের একটি বড় অংশে ভারী বৃষ্টির সতর্কতা বহাল রাখা হয়েছে।

আগেই আবহাওয়া সংক্রান্ত পূর্বাভাসে জানানো হয়েছিল যে শনি ও রবিবারে বৃষ্টিপাত কিছুটা কম থাকবে। তবে আগস্টের প্রথম সপ্তাহের মাঝপথ থেকেই দক্ষিণবঙ্গের আকাশে মেঘের ঘনঘটা বাড়বে। বীরভূম, পশ্চিম বর্ধমান ও মুর্শিদাবাদের পাশাপাশি আশেপাশের জেলাগুলিতেও আগামী সপ্তাহের মাঝামাঝি সময়ে জলজট ও ভারী বৃষ্টির কারণে দৈনন্দিন জীবনের গতি শ্লথ হতে পারে। ফলে ঘর থেকে বেরোনোর আগে ছাতা ও রেইনকোট সঙ্গে রাখার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।