ফের ভারত সফরে তালিবান মন্ত্রী, চাপ বাড়ছে পাকিস্তানের উপর

breakingnews আন্তর্জাতিক

নিউজ পোল ব্যুরো: আবারও ভারত সফরে আসছেন আফগানিস্তানের তালিবান প্রশাসনের বাণিজ্য মন্ত্রী নূরউদ্দিন আজিজি। আজ থেকেই শুরু হচ্ছে তাঁর পাঁচ দিনের গুরুত্বপূর্ণ সফর। সাম্প্রতিক ভূ-কৌশলগত পরিস্থিতিতে এই সফর আন্তর্জাতিক মহলের দৃষ্টিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, বিশেষত পাকিস্তানের জন্য বাড়ছে চাপে।

এর আগেও তালিবানের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি ভারতে এসে পাকিস্তানকে সরাসরি কড়া বার্তা দিয়েছিলেন। সেই সময়ই আঁচ পাওয়া গিয়েছিল কাবুল–ইসলামাবাদ সম্পর্কের টানাপোড়েনের। এরপর পাকিস্তান কাবুলে এয়ারস্ট্রাইক চালালে সম্পর্ক আরও তলানিতে পৌঁছে যায়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে আফগানিস্তান-পাকিস্তান সীমান্ত দীর্ঘদিন বন্ধ থাকে।

আরও পড়ুন: Sheikh Hasina: হাসিনার বক্তব্য প্রকাশ করলেই শাস্তি, বাংলাদেশে সংবাদমাধ্যমকে সরাসরি হুঁশিয়ারি

সীমান্ত বন্ধ থাকায় পাকিস্তানে আফগান পণ্য আমদানি কমে যায় ব্যাপকভাবে। ফলত পাক বাজারে নিত্যপণ্যের দাম বাড়ে, সরবরাহ কমে যায়, খুচরো বাজারে দেখা দেয় অস্থিরতা। আন্তর্জাতিক বাণিজ্যের উপর নির্ভরশীল পাকিস্তান এই অবস্থায় অর্থনৈতিকভাবে আরও চাপে পড়েছে। আফগান মালবাহী গাড়ি না ঢোকার কারণে পাকিস্তানের একাধিক শিল্পক্ষেত্রেও প্রভাব পড়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

এমন পরিস্থিতিতে নূরউদ্দিন আজিজির ভারত সফর পাকিস্তানের কাছে স্বস্তির নয়। ভারত বর্তমানে আফগানিস্তানের অন্যতম বড় বাণিজ্য অংশীদার। মানবিক সহায়তা, খাদ্যশস্য, চিকিৎসা সামগ্রী ও অবকাঠামো প্রকল্পে দিল্লির ভূমিকা তালিবানের কাছে গুরুত্বপূর্ণ। তাই নূরউদ্দিনের এই সফর ভারত-আফগান বাণিজ্যিক সম্পর্ককে আরও শক্তিশালী করার ইঙ্গিত দিচ্ছে।

ভূরাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, আফগানিস্তান যখন পাকিস্তান থেকে দূরত্ব বাড়াচ্ছে, তখন ভারতের সঙ্গে ঘনিষ্ঠতা পাকিস্তানের কূটনৈতিক চাপে আরও ইন্ধন যোগাবে। আজিজির পাঁচ দিনের সফরে বাণিজ্য, বিনিয়োগ, আটকে থাকা প্রকল্প—সব দিকেই নতুন সমীকরণ গড়ে উঠতে পারে।

পরিস্থিতি এখনো উত্তপ্ত। নূরউদ্দিনের সফর শেষ না হওয়া পর্যন্ত দক্ষিণ এশিয়ার কূটনৈতিক মহল নজর রাখবে দিল্লি–কাবুল–ইসলামাবাদ ত্রিভুজের দিকেই।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole