Orisha: নথি যাচাইয়ের পরও হেনস্থা! ওড়িশায় বাংলার ১০ শ্রমিককে ‘বাংলাদেশি’ বলে আটক

রাজ্য

নিউজ পোল ব্যুরো: ফের ভিনরাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিক–দের আটকে রেখে হেনস্থার অভিযোগ উঠেছে। বৈধ সমস্ত নথিপত্র থাকা সত্ত্বেও তাদের বাংলাদেশী তকমা দিয়ে অপমান, শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ সামনে এসেছে। প্রাথমিক খবর অনুযায়ী, বাংলার মোট ১০ জন শ্রমিক-কে আটক করেছে ওই রাজ্যের পুলিশ—এর মধ্যে মুর্শিদাবাদের ৫ জন এবং পূর্ব মেদিনীপুরের ৫ জন শ্রমিক রয়েছেন। একটি ভিডিও বার্তায় তারা দ্রুত সাহায্যের আবেদন জানিয়েছেন।

আরও পড়ুন: WBSSC: ১২০০ প্রার্থীর নথি যাচাই, শুরু ইন্টারভিউয়ের কাউন্টডাউন

দীর্ঘ দশ থেকে বারো বছর ধরে ওই শ্রমিকরা নিয়মিতভাবে ওড়িশার জাজপুর এলাকায় construction work করে আসছেন। জাজপুর টাউন থানার কাছেই একটি বাড়িতে তারা ভাড়া থাকতেন। অভিযোগ, সোমবার গভীর রাতে পুলিশ আচমকাই সেই বাড়িতে হানা দেয়। তখন শ্রমিকরা সারাদিনের পরিশ্রম শেষে রাতের খাবার খেতে বসেছিলেন। কিন্তু খাবার খেতে না দিয়েই তাদের থানায় তুলে নিয়ে যাওয়া হয়। থানায় নিয়ে গিয়ে তাদের বাংলাদেশি অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। রাতভর জিজ্ঞাসাবাদের মধ্যে তাদের ন্যূনতম খাবার হিসেবে কেবল কিছু বিস্কুট দেওয়া হয়। শ্রমিকদের দাবি, সেখানে তারা শারীরিক ও মানসিকভাবে হেনস্থার শিকার হয়েছেন। উল্লেখযোগ্য, এর আগেও পুলিশ তাদের ভাড়া বাড়িতে গিয়ে ভোটার কার্ড, আধার, অন্যান্য পরিচয়পত্র খুঁটিয়ে যাচাই করেছিল। অথচ সব নথি থাকা সত্ত্বেও আবারও তাদের গ্রেফতার করা হয়েছে বলে অভিযোগ।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole

শ্রমিকদের বক্তব্য, তারা বহু বছর ধরে নিয়ম মেনে কাজ করে যাচ্ছেন, কর দিচ্ছেন, স্থানীয় প্রশাসনের নিয়মও মানছেন। তারপরও বারবার পরিচয় নিয়ে সন্দেহ দেখিয়ে তাদের ভয় দেখানো হচ্ছে। এই পরিস্থিতিতে তারা বাংলার মুখ্যমন্ত্রীসহ সংশ্লিষ্ট প্রশাসনের কাছে দ্রুত উদ্ধারের আবেদন জানিয়েছেন। এদিকে বা পরিযায়ী শ্রমিক ঐক্য মঞ্চ ইতিমধ্যেই আটকদের পাশে দাঁড়িয়েছে এবং আইনি সহায়তা প্রদান শুরু করেছে। শ্রমিকদের পরিবারের সদস্যরা চরম উদ্বেগে রয়েছেন। ঘরের উপার্জনকারী সদস্যরা এভাবে আটক হয়ে পড়ায় তাদের মানসিক বিপর্যয় দেখা দিয়েছে। পরিবারগুলির একটাই আকুতি—প্রিয়জনেরা দ্রুত, নিরাপদে ঘরে ফিরে আসুন।