Krishna Das statement controversy:‘পাকিস্তান–বাংলাদেশ আমাদের ভাই’ মন্তব্যে বিতর্ক, জলপাইগুড়িতে তৃণমূল–বিজেপি তরজায় চরম উত্তাপ!

রাজনীতি

নিউজ পোল ব্যুরো:জলপাইগুড়িতে এসআইআর বিরোধী সভামঞ্চ থেকে দেওয়া এক মন্তব্য ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্কে জড়ালেন তৃণমূল কংগ্রেস নেতা কৃষ্ণ দাস (Krishna Das statement controversy)। তাঁর বক্তব্যকে কেন্দ্র করে জেলা রাজনীতিতে শুরু হয়েছে তীব্র চাপানউতোর, আর সেই সুযোগে ‘পাকিস্তান প্রীতি’র অভিযোগ তুলে আক্রমণ শানিয়েছে বিজেপি।

আরও পড়ুন:https://thenewspole.com/2025/12/15/suvendu-adhikari-financial-fraud-allegation-bengal-politics/

রাজগঞ্জ ব্লকে শাসক দলের উদ্যোগে আয়োজিত এসআইআর বিরোধী মিছিল ও সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তৃণমূলের এসসি–ওবিসি সেলের জলপাইগুড়ি জেলা সভাপতি কৃষ্ণ দাস (Krishna Das statement controversy) বলেন, “বাংলাদেশ ও পাকিস্তান আমাদের পড়শি, আমাদের ভাই। আমাদের লড়াই করার দরকার চিন ও ইংল্যান্ডের সঙ্গে—ওরাই আমাদের শোষণ-শাসন করেছে। কিন্তু আমাদের ভাইয়ের প্রতি বাজে মন্তব্য করা ঠিক নয়।” এই বক্তব্য সামনে আসতেই জেলার রাজনৈতিক মহলে বিতর্ক তুঙ্গে ওঠে।

বিজেপি শিবির এই মন্তব্যকে ‘পাকিস্তান প্রীতি’ বলে কটাক্ষ করে। পাল্টা প্রতিক্রিয়ায় রাজগঞ্জে পথসভার আয়োজন করে বিজেপি। সেখানে নাম না করে কৃষ্ণ দাসকে নিশানা করেন বিজেপির জেলা কমিটির সদস্য ও কিষান মোর্চার জেলা সভাপতি নকুল দাস। কটাক্ষের সুরে তিনি বলেন, এমন মানসিকতা থাকলে তৃণমূল নেতার পাকিস্তানেই চলে যাওয়া উচিত।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্কhttp://:https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

বিতর্কের মুখে নিজের বক্তব্যের ব্যাখ্যা দিতে গিয়ে কৃষ্ণ দাস বলেন, তাঁর কথার মূল উদ্দেশ্য পড়শি দেশের সঙ্গে সুসম্পর্কের বার্তা দেওয়া। তাঁর যুক্তি, “আমার বাড়ির পাশে যে থাকে, তার সঙ্গে যদি আমাদের ভাল সম্পর্ক থাকে, তাহলে বাইরে থেকে কেউ এসে আমাদের আক্রমণ করতে পারবে না।” তাঁর ঘনিষ্ঠ মহলের দাবি, কেন্দ্রীয় সরকারের নীতির সমালোচনা করতে গিয়ে এসআইআর প্রসঙ্গ টেনে বিজেপিকে কটাক্ষ করতেই ওই মন্তব্য করা হয়েছিল।

এদিকে শাসক শিবিরের অন্যান্য নেতারা বিষয়টি নিয়ে সতর্ক অবস্থান নিয়েছেন। তৃণমূলের জলপাইগুড়ি জেলা সম্পাদক বিকাশ মালাকার বলেন, “কৃষ্ণ দাস ঠিক কী বলতে চেয়েছেন, তা উনিই ভালো বলতে পারবেন। তবে এটুকু স্পষ্ট, রাজ্যের মুখ্যমন্ত্রী যুক্তরাষ্ট্রীয় কাঠামোর মধ্যে থেকেই দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে সবসময় কেন্দ্রের পাশেই রয়েছেন।”

সব মিলিয়ে, এক নেতার মন্তব্য ঘিরে জলপাইগুড়ির রাজনীতিতে ফের উত্তাপ ছড়াল। রাজনৈতিক মহলের মতে, এই বিতর্ক আগামী দিনে তৃণমূল–বিজেপির তরজাকে আরও তীব্র করে তুলতে পারে।