Suvendu Adhikari financial fraud allegation:চাকরি ও রাজনৈতিক প্রতিষ্ঠার প্রতিশ্রুতি! শুভেন্দুর বিরুদ্ধে কোটি টাকার প্রতারণার অভিযোগ

রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো:রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ (Suvendu Adhikari financial fraud allegation) তুলে রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্যকে চিঠি লিখেছেন বলে দাবি করেছেন পূর্ব মেদিনীপুরের কাঁথির এক প্রাথমিক শিক্ষক অনিমেষ গিরি। যদিও শমীকের বক্তব্য, এমন কোনও চিঠি তাঁর হাতে আসেনি। এই অভিযোগকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে তীব্র চাপানউতোর।

আরও পড়ুন:https://thenewspole.com/2025/12/15/nitin-nabin-appointed-bjp-national-working-president/

অভিযোগকারীর দাবি, পরিবারের সদস্যদের রেলে ও প্রাথমিক শিক্ষকতার চাকরি পাইয়ে দেওয়া এবং নিজেকে রাজনীতিতে প্রতিষ্ঠা করে সাংসদ করানোর মতো নানা প্রতিশ্রুতি দিয়ে শুভেন্দু অধিকারী কয়েক দফায় তাঁর কাছ থেকে প্রায় আড়াই কোটি টাকা নিয়েছিলেন। কিন্তু প্রতিশ্রুতি পূরণ না হওয়ায় পরে ৫০ লক্ষ টাকা ফেরত দেওয়া হলেও বাকি প্রায় ২ কোটি ১০ লক্ষ টাকা এখনও ফেরত পাওয়া যায়নি। সাড়ে তিন বছর ধরে অপেক্ষার পরেও টাকা না পেয়ে শেষমেশ বিজেপি নেতৃত্বের দৃষ্টি আকর্ষণ করেছেন বলে জানান অনিমেষ।

চিঠিতে অনিমেষ গিরি দাবি করেছেন, বিষয়টি নিয়ে তিনি স্থানীয় বুথ সভাপতি থেকে শুরু করে কেন্দ্রীয় নেতৃত্ব এবং আরএসএস নেতৃত্বের কাছেও গিয়েছিলেন। তাঁর অভিযোগ, আরএসএসের তরফে টাকা ফেরতের নির্দেশ দেওয়া হলেও তা কার্যকর হয়নি। পাশাপাশি নিজের ও পরিবারের প্রাণসংশয়ের আশঙ্কার কথাও চিঠিতে উল্লেখ করেছেন তিনি।

এই অভিযোগপত্র সমাজমাধ্যমে প্রকাশ করে তৃণমূল কংগ্রেস কটাক্ষ করে জানিয়েছে, শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari financial fraud allegation) বিরুদ্ধে ওঠা অভিযোগ বিজেপির ‘আসল চরিত্র’ প্রকাশ করছে। তবে এ বিষয়ে আনন্দবাজার ডট কমকে রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য স্পষ্টভাবে বলেন, “এমন কোনও চিঠি আমি পাইনি। সমাজমাধ্যমে কে কী পোস্ট করলেন, তার জবাব দেওয়ার দায় আমাদের নয়।”

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্কhttp://:https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

অন্যদিকে অনিমেষ গিরির বক্তব্য, ২০২১ সালের নভেম্বরে শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার পরই তাঁর সঙ্গে যোগাযোগ হয়। নার্সিং কলেজ গড়ার পরিকল্পনা ও জনহিতকর কাজের সূত্রে আলোচনা এগোয়। অভিযোগ, সেই সময় নানা রাজনৈতিক ও প্রশাসনিক সুবিধার প্রতিশ্রুতি দিয়ে কয়েক দফায় টাকা নেওয়া হয়। পরে টাকা ফেরত চাইলে তাঁকে হুমকি দেওয়া হয় এবং ‘তৃণমূলের লোক’ বলে দাগানোর চেষ্টাও করা হয়েছে বলে অভিযোগ।

এই পরিস্থিতিতে আগামী জানুয়ারিতে শুভেন্দু অধিকারীর বাসভবনের সামনে বিক্ষোভ এবং নবান্নে অভিযোগ জানানোর হুঁশিয়ারি দিয়েছেন অনিমেষ গিরি। যদিও শুভেন্দু অধিকারীর শিবির সব অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে। ঘনিষ্ঠ মহলের দাবি, অভিযোগকারীর বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন রয়েছে। তাঁদের মতে, অনিমেষ আরএসএসের সঙ্গে যুক্ত ছিলেন না এবং বর্তমানে তৃণমূলের প্রভাবে ভুয়ো অভিযোগ তুলছেন। পাশাপাশি একজন প্রাথমিক শিক্ষকের কাছে এত বিপুল অর্থের উৎস নিয়েও প্রশ্ন তুলেছেন শুভেন্দু-ঘনিষ্ঠেরা। ফলে অভিযোগ ও পাল্টা অভিযোগে রাজ্য রাজনীতিতে এই ইস্যু আরও কতটা গড়ায়, সেদিকেই এখন নজর।